দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে এখনও করোনা পরিস্তিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই বারবার জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বেশ কিছু রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই সামনে উৎসবের মরসুম থাকায় জনসাধারণকে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় রাজ্য সরকারগুলিকে সাহায্য করার জন্য পাঁচ রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন টুইট করে এই কথা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, “কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটক, রাজস্থান ও ছত্তীসগড়ে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দল রাজ্য সরকারগুলিকে করোনা পরীক্ষা, সংক্রমণের মোকাবিলা, নিয়ন্ত্রণের পদক্ষেপ ও চিকিৎসা ব্যবস্থায় সাহায্য করার কাজ করবে।”
https://twitter.com/drharshvardhan/status/1317016507939909633?s=19
স্বাস্থ্যমন্ত্রীর এই টুইট থেকেই পরিষ্কার এই রাজ্যগুলিতে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় রয়েছে কেন্দ্র। তাই ফের একবার এই রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। এর আগে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে কেন্দ্রের সঙ্গে রীতিমতো সংঘাত হয়েছিল রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে অভিযোগ করা হয়েছিল, রাজনৈতিক স্বার্থে বাংলায় দল পাঠিয়েছে কেন্দ্র। অন্যদিকে কেন্দ্রীয় দলের তরফে অভিযোগ করা হয়েছিল, তাদের কাজে সহযোগিতা করছে না রাজ্য।
যদিও এবারের কেন্দ্রীয় দল পাঠানোর বিষয়ে পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, যে রাজ্যগুলিতে সংক্রমণ বাড়ছে সেখানেই দল পাঠাচ্ছে কেন্দ্র। কোনও রাজনৈতিক রং দেখা হচ্ছে না। কারণ এই তালিকায় যেমন সিপিএম শাসিত কেরল আছে, তেমনই বিজেপি শাসিত কর্নাটক, কংগ্রেস শাসিত রাজস্থানও রয়েছে। তাই এবার আর কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলতে পারবে না কোনও রাজ্য।
শুধু রাজনৈতিক দল পাঠানো নয়, উৎসবের মরসুমে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় সেদিকেও উদ্যোগী হয়েছে কেন্দ্র। বারবার সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন পুজোর মরসুমে বাইরে না বেরিয়ে বাড়িতেই তা উদযাপন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “ভগবান বা কোনও ধর্ম বলে না রাস্তায় বেরিয়ে জমায়েত করে উৎসব পালন করতে। তাই আমরা এই কাজ করলেই নিজেদের জন্যই বিপদ ডেকে আনব।” সামনে শীতের মরসুমে এমনিতেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাই এর মধ্যে উৎসবের মরসুমে সংক্রমণ বাড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা।
https://twitter.com/MoHFW_INDIA/status/1317040051910397953?s=19
স্বাস্থ্যমন্ত্রকের তরফেও টুইট করা সতর্ক করা হচ্ছে সবাইকে। সেখানে বলা হচ্ছে, উৎসবের মরসুমে বাইরে বের হওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা মাথায় রাখুন। কারণ উৎসবের মরসুম সামনে এলেও এখনও করোনা দূর হয়নি। তাই ১০ বছরের নীচে ও ৬৫ বছরের বেশি বয়সের মানুষরা বাইরে বের হবেন না। অন্তঃসত্ত্বা মহিলারাও বের হবেন না। বাকিরা বাইরে বেরলে সবসময় মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদের নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।