দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষকে ডেকে মঙ্গলবার জেরা করল সিবিআই। কয়েকদিন আগেই ডেরেক ও’ ব্রায়েন, দীনেশ ত্রিবেদী-সহ তৃণমূলের কয়েকজন নেতাকে সারদা তদন্তে জেরার জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলার’ কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ। এক সময়ের দাপুটে ছাত্র নেতা এখন তৃণমূলের ফলতার বিধায়ক।
দলের মুখপত্র জাগো বাংলার পক্ষ থেকেই মুখ্যমন্ত্রীর আঁকা ছবির প্রদর্শনী হয়েছিল বলে খবর। সেই সূত্রেই এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দলের রাজ্য সভাপতি সুব্রর বক্সীকে একপ্রস্থ জেরা করেছে সিবিআই। কলকাতা পুরসভার যে হলে এই ছবির প্রদর্শনী হয়েছিল, তা নিয়েও কর্পোরেশনের ভোটের আগে থেকেই চিটফান্ড তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। পুলিশ কর্তা থেকে প্রসেনজিৎ, ঋতুপর্ণার মতো চিত্র তারকাদেরও একের পর এক ডাক পড়ছে সিজিও কমপ্লেক্সে। এর মধ্যেই তৃণমূল নেতাদের ডাককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সারদা তদন্ত প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে। পুজোর আগেই চূড়ান্ত চার্জশিট দিতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তাই এই তৎপরতা। সারদার টাকা আদপেও প্রভাবশালীদের হাতে পৌঁছেছিল কি না তা জানাই এখন সিবিআই-এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি বারবার আদালতে বলেছে, বাংলায় চিটফান্ড দূর্নীতিতে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। এ ছাড়াও রাজনৈতিক নেতাদের মধ্যে কারা প্রভাব খাটিয়ে সারদা-সহ অন্যান্য বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিকে আমানতকারীদের থেকে টাকা তুলতে সাহায্য করেছিলেন, সেটাও জানতে চায় সিবিআই।