দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব দিতে পারে বিজেপি।
সোমবারই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছিলেন, রাম মন্দির সংক্রান্ত রায়কে নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সম্পর্কে মহুয়া মৈত্র যে কথা বলেছেন, তা ঠিক হয়নি। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
মহুয়ার সেই মন্তব্য, লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা।
পরে কেউ কেউ দাবি করেছিলেন, না স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে না। কারণ, তাতে মহুয়াকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে।
কিন্তু বুধবার আবার প্রাক্তন আইন প্রতি মন্ত্রী পিপি চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে পারে বিজেপি।
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেছেন, উচ্চ পদে আসীন কোনও ব্যক্তির বিরুদ্ধে বিনা কারণে কোনও ভিত্তি ছাড়া এরকম অভিযোগ করা যায় না। এ ব্যাপারে সংসদীয় নিয়মকানুনও উদ্ধৃত করেছেন তিনি।
রাম মন্দির নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি সেই রায় ঘোষণার কিছু দিন পর অবসর গ্রহণ করেন। তার পরই দেখা যায়, তাঁকে রাজ্যসভার মনোনীত সদস্য করা হয়েছে।
রাজ্যসভার মনোনীত সদস্য নিয়োগ করেন রাষ্ট্রপতি। কিন্তু এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে শাসক দলের পরামর্শেই তিনি তা করেন। অতীতে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পি সদাশিবমকে কেরলের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছিল মোদী জমানায়। সদাশিবম ও রঞ্জন গগৈকে কেন্দ্র করে তাই বিতর্ক তৈরি হয়েছিল।
এদিকে লোকসভার রেকর্ড থেকে তাঁর বিতর্কিত অংশ বাদ দেওয়া হলেও মহুয়া তাঁর মেজাজেই রয়েছেন। সংসদে তিনি যা বলেছিলেন, পরে তা টুইটও করেন। সেই সঙ্গে বলেন, সত্যিটা কখনও মুছে ফেলা যায় না।
https://twitter.com/MahuaMoitra/status/1359030255890014208
https://twitter.com/MahuaMoitra/status/1358846137570979841