
শেষ আপডেট: 20 May 2019 15:32
আর অনুপমের এই ছবি পোস্ট করার পর থেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ভরে গিয়েছে বিভিন্ন ধরণের কমেন্টে। কেউ বলছেন, 'এ বার হাসতে বাধ্য করছেন, এটা না করলেই হতো।' আবার কারও মন্তব্য, 'এটা শুধু মোদীজিকেই মানায়। মোদীজি হওয়ার চেষ্টা করবেন না।' কেউ লিখেছেন, 'মোদীজি কেদারনাথে ধ্যান করেছিলেন। মিডিয়া তাঁর ছবি তুলেছিল। আর আপনি ঘরে নিজে নিজেই ধ্যান করে ছবি তুললেন।' একজন বলেছেন, 'ধ্যান করা তো নিজের মনের শান্তির জন্য। এই সময় ছবি তোলার কি খুব দরকার।' তবে তাঁকে উৎসাহ দিয়েও কমেন্ট করেছেন বেশ কয়েকজন। কেউ লিখেছেন, 'চালিয়ে যান দাদা। আপনার ধ্যান দেখে বোঝা যাচ্ছে আপনিই জিতবেন।' আবার কেউ একধাপ এগিয়ে বলেছেন, 'মোদীজি ইন মেকিং।' তবে বেশিরভাগ কমেন্টেই হাসির খোরাক হয়েছেন এই বিজেপি প্রার্থী।
অবশ্য এই প্রথম নয়। চমক তৈরি করে খবরের শিরোনামে আসাতে অনুপমের জুড়ি মেলা ভার। ভোট ঘোষণার পর প্রচারের ময়দানে বিজেপি প্রার্থীকে তত না দেখা গেলেও তিনি চমক দিয়েছিলেন মনোনয়ন জমা দেওয়ার সময়। বাইরে থেকে উড়িয়ে এনেছিলেন ডাবলুডাবলুই তারকা দ্য গ্রেট খালিকে। তাঁকে গাড়িতে তুলে রোড শো করে মনোনয়ন জমা দিয়ে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
কয়েকদিন আগে অমিত শাহের রোড শো চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষের সময় বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের ২০০ বছরের পুরনো মূর্তি ভাঙাকে কেন্দ্র করে গরম হয়ে ওঠে রাজ্যের রাজনীতি। সেই সময় যাদবপুরে এক ব্যক্তিকে বিদ্যাসাগর সাজিয়ে ঘুরতে দেখা যায় অনুপমকে। সবার সামনে সেই নকল বিদ্যাসাগরের গলায় মালা পরান তিনি। বিদ্যাসাগর সাজা ব্যক্তিকে বলতে শোনা গিয়েছিল, 'আমার মূর্তি বিজেপি ভাঙেনি।' এই নিয়েও কম খোরাক করা হয়নি অনুপমকে।
তবে কোনও কিছুতেই যে দমতে রাজি নন বিজেপি প্রার্থী তা আরও একবার বোঝা গেল। কেদারনাথে গুহার মধ্যে মোদীর ধ্যানের পরেই নিজেও একই কায়দায় ধ্যান করে অনুপম বুঝিয়ে দিলেন, তিনিও কারও থেকে কম যান না।