দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরের পর থেকে ভালই বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ চলবে রবিবার পর্যন্ত। উত্তরের বিভিন্ন জেলায় জারি হয়েছে সতর্কতা।
মূলত, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোথাও আবার ২০০ মিলিমিটারের বেশিও বৃষ্টি হতে পারে। আর মালদা এবং দুই দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হবে। আশঙ্কা করা হচ্ছে লাগাতার চারদিন ধরে তুমুল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের সব নদীর জলের মাত্রা বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে বর্ষার জলে মাটি আলগা হওয়ায় ধস নেমে রাস্তাঘাট ভেঙে যেতে পারে এবং বন্ধ হতে পারে।
১০ এবং ১১ জুলাই, শুক্র ও শনিবার- এই দু’দিন অল্প কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী (৭০ থেকে ১৯০ মিলিমিটার) বৃষ্টি হবে। আর extremely heavy rainfall বা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত (২০০ মিলিমিটারের বেশি) হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে। আর ভারী বৃষ্টিপাত (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায়।
১২ জুলাই, রবিবার- ভারী থেকে অতি ভারী (৭০ থেকে ১৯০ মিলিমিটার) বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে।
হাওয়া অফিস জানিয়েছে, ক্রমশ উত্তর দিকে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে অগ্রসর হচ্ছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ইতিমধ্যেই এই অক্ষরেখা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করেছে। যার জেরেই আগামী রবিবার পর্যন্ত দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। উত্তরের পাশাপাশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। তবে বৃষ্টিপাতের পরিমাণ, তীব্রতা এবং স্থায়িত্ব----এই সবই বেশি থাকবে গাঙ্গেয় উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বৃষ্টি হবে শহর কলকাতা এবং শহরতলিতেও। বজায় থাকবে অর্দ্রতাজনিত অস্বস্তিও।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.৮ মিলিমিটার। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।