দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই বাড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা। গত দু’দিন তা বেড়েছে। আগামী কয়েক দিনেও একই রকমের আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর। তাদের পূর্বাভাস, এবার আর সরস্বতী পুজোয় ঠান্ডার আমেজ পাবে না রাজ্যবাসী। অর্থাৎ সরস্বতী পুজোর আগেই শীত বিদায় নিতে চলেছে বঙ্গ থেকে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৩৫ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে কুয়াশা দেখা যাবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে কুয়াশার দাপট কিছুটা বেশিই হবে। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। বাড়বে রোদের তেজ। আর তার ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশেই ঘোরাঘুরি করবে।
চলতি মরসুমে বারবার নিজের ভোল বদলেছে শীত। এই ঠান্ডা তো এই গরম। তার ফলে তাপমাত্রা বাড়লেও লেপ-কম্বল তুলে না রাখার পরামর্শই দিচ্ছিল আলিপুর। সেটা দেখতেও পেয়েছেন রাজ্যবাসী। উত্তুরে হাওয়ার সঙ্গে যেন লড়াই হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝার। কিন্তু আর উত্তুরে হাওয়ার দাপট রাজ্যে দেখা যাবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের বক্তব্য, শীতের মরসুম এবারের মতো শেষ বলা যায়।