দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: উত্তরপ্রদেশ থেকে আসা ছয় শ্রমিকের কাজে যোগ দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হল ডোমজুড়ের জালান কমপ্লেক্সের ভিতর একটি কারখানায়। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
রেলের যন্ত্রাংশ তৈরির ওই কারখানায় প্রায় দুশো জন শ্রমিক রয়েছেন। জানা গেছে রবিবার উত্তরপ্রদেশ থেকে এসে ছ'জন শ্রমিক ওই কারখানায় কাজে যোগ দেন। তারপরেই তেতে ওঠে কারখানার পরিস্থিতি। করোনা আশঙ্কায় ওই শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন কারখানার বর্তমান শ্রমিকরা। তাঁদের দাবি, চোদ্দো দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে ওই শ্রমিকদের। তারমধ্যে সংক্রমণ ধরা না পড়লে তবেই ওই শ্রমিকদের সঙ্গে কাজ করবেন তাঁরা। কিন্তু মালিক পক্ষ তাঁদের দাবি মানতে নারাজ।
কারখানার শ্রমিক পার্থ নাথ বলেন, "আমরা কাউকে কাজে যোগ দিতে বাধা দেয়নি। আমরা শুধু বলেছি, বাইরে থেকে আসা ওই শ্রমিকদের চোদ্দো দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। তার আগে ওঁরা যদি কাজে ঢোকে, তবে আমরা থাকবো না।"
আরেক শ্রমিক গোপাল নস্কর বলেন, "আমাদের নিরাপত্তার দিকটাতো ভাবতে হবে। ওদের থেকে যদি আমরা সংক্রমিত হই তখন কী হবে?
জানা গেছে এই কারখানাতেই কর্মরত ছিলেন ওই শ্রমিকরা। তাঁদের বাড়ি উত্তরপ্রদেশে। লকডাউন শুরু হওয়ার পর কাজ না থাকায় তাঁরা ফিরে গিয়েছিলেন। এখন কারখানা খুলতেই তাঁদের ডেকে পাঠানো হয়। কিন্তু ভিন রাজ্য থেকে আসায় তাঁদের কাজে যোগ দিতে বাধা দেন এখানকার শ্রমিকরা।
এই টানাপড়েনের জেরে বুধবার কারখানার গেটে কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে দেয়। ফলে কর্মহীন হয়ে পড়েন কারখানার দুশো শ্রমিক।
কারখানার ডিরেক্টর রাহুল খৈতান জানান, ওই শ্রমিকদের সম্পর্কে পুরো তথ্য তাঁদের হাতে রয়েছে। তাই সন্দেহের কোনও অবকাশ নেই। তিনি বলেন, "গোটা ঘটনা খতিয়ে দেখা দেখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"