দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক জনের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা জানিয়েছেন, মৃতের নাম বাদল মাইতি (৬৫)। রাস্তা পার হওয়ার সময়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ, বাদলবাবু রাস্তা পার হওয়ার সময় একটি পুলিশের গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির।
যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগে কারোর অ্যাক্সিডেন্ট হয়নি। পুলিশ জানিয়েছে, বাদলবাবুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।