বাংলায় ভাষণ দেওয়ার আগে দিল্লি নিয়ে ক্ষমা চান, অমিত শাহকে তোপ অভিষেকের
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে শহিদ মিনারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে বাছা বাছা বিশেষণে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পরিবারতন্ত্র থেকে সিন্ডিকেট, তোলাবাজি থেকে দলবজাজি—একাধিক ইস্যু তুলে কালীঘাটের উদ্দেশে তোপ দেগেছিলেন
শেষ আপডেট: 1 March 2020 11:51
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে শহিদ মিনারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে বাছা বাছা বিশেষণে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পরিবারতন্ত্র থেকে সিন্ডিকেট, তোলাবাজি থেকে দলবজাজি—একাধিক ইস্যু তুলে কালীঘাটের উদ্দেশে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের বক্তৃতা শেষের কয়েক মিনিটের মধ্যেই টুইট করে পাল্টা আক্রমণ শানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইট করে ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, “বাংলায় এসে বড় বড় ভাষণ দেওয়ার আগে অমিত শাহ আগে বলুন দিল্লিতে কেন নিরীহ ৫০ জনের জীবন চলে গেল। আপনাকে এর জন্য ক্ষমা চাইতে হবে।” এরপরই যুব তৃণমূল সভাপতি লেখেন, “মিস্টার শাহ! ধর্মান্ধতা আর ঘৃণার রাজনীতি ছাড়া বাংলা ভাল আছে। বিজেপি সেটাকেই ছড়াতে চাইছে।”
এদিন নিজের বক্তৃতায় ‘ভাতিজা’শব্দের উল্লেখ করে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি। সেইসঙ্গে বলেছেন, “কোনও শাহজাদা (রাজপুত্র) বাংলার মুখ্যমন্ত্রী হবেন না। বাংলার মুখ্যমন্ত্রী হবেন এ রাজ্যের মাটি থেকে উঠে আসা কোনও নেতাই।” অনেকের মতে নাম না করলেও, অমিত শাহের নিশানা যে অভিষেকের দিকেই ছিল তা বুঝতে কারও অসুবিধে হয়নি। আর তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা শেষ করার ঠিক পরেই টুইট করে আক্রমণ শানান যুব তৃণমূল সভাপতি।
https://twitter.com/abhishekaitc/status/1234064769725845506
গত এক সপ্তাহ হরে দিল্লির ভয়াবহ পরিবেশ দেখেছে সারা দেশ। এমনকি আন্তর্জাতিক স্তরেও রাজধানীর হিংসা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রবিবারও তিনটি দেহ উদ্ধার হয়েছে উত্তর-পূর্ব দিল্লি থেকে। এদিন অভিষেক সেই ইস্যুতেই আক্রমণ শানান অমিত শাহকে।
পর্যবেক্ষকদের মতে, বিজেপি নেতারা প্রায়ই বলেন বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। তাঁর পদত্যাগ করা উচিত। অমিত শাহের বিরুদ্ধে সেই দাবি না তুললেও যুব তৃণমূল সভাপতি বোঝাতে চান, দিল্লির আইন-শৃঙ্খলা দেখার দায়িত্ব অমিত শাহের দফতরেরই। তাই দিল্লির দায় তাঁকে নিতে হবে। জবাবও দিতে হবে তাঁকেই।