বাঁকুড়ায় করোনা আক্রান্ত স্টেট ব্যাঙ্কের ১৯ জন কর্মী-আধিকারিক, স্যানিটাইজ করতে দু’দিন বন্ধ সংশ্লিষ্ট শাখা
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: করোনায় আক্রান্ত হলেন রাষ্ট্রায়ত্ত ভারতীয় স্টেট ব্যাঙ্কের বাঁকুড়া শাখার ১৯ জন কর্মী ও আধিকারিক। যার জেরে কর্তৃপক্ষের তরফে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায় ব্যাঙ্কের ওই শাখায় যাবতীয় কাজকর্ম আজ বুধবার থেকে
শেষ আপডেট: 13 August 2020 08:47
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: করোনায় আক্রান্ত হলেন রাষ্ট্রায়ত্ত ভারতীয় স্টেট ব্যাঙ্কের বাঁকুড়া শাখার ১৯ জন কর্মী ও আধিকারিক। যার জেরে কর্তৃপক্ষের তরফে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায় ব্যাঙ্কের ওই শাখায় যাবতীয় কাজকর্ম আজ বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে দু'দিন শাখাটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
ব্যাঙ্কের ওই শাখার কয়েক জন কর্মীর জ্বর ও অন্য কয়েকটি উপসর্গ দেখা দেওয়ায় সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করতে উদ্যোগী হয় কর্তৃপক্ষ। সেই পরীক্ষার রিপোর্ট বুধবার রাতে এসে পৌঁছলে দেখা যায় কর্মী ও আধিকারিক মিলিয়ে ১৯ জন করোনা পজিটিভ। তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আক্রান্তদের কয়েক জনকে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সনকা হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের তরফে দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে স্টেট ব্যাঙ্কের ওই শাখা পুরো স্যানিটাইজ করা শুরু হয়েছে। একটি ব্যাঙ্কের এত জন কর্মী এক সঙ্গে করোনায় আক্রান্ত হওয়ায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ব্যাঙ্ক সূত্রে জানা গেছে এখানে কর্মী ও আধিকারিকের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। তাঁদের সকলের সোয়াব টেস্ট করা হবে। কারও রিপোর্ট পজিটিভ এলে তাঁর পরিবারের সকলেরও টেস্ট করা হবে।
ব্যাঙ্কের এই শাখায় বহু লোকের পেনশন অ্যাকাউন্ট রয়েছে। সব মিলিয়ে গ্রাহকের সংখ্যা এক লক্ষের কাছাকাছি। মাসের শুরুতে বহু মানুষ এসেছেন পেনশন তুলতে। তা ছাড়া এই ব্যাঙ্কের মাধ্যমে বহু সরকারি কর্মীর বেতনও হয়। তাঁরাও নানা কারণে ব্যাঙ্কে এসেছেন। ব্যাঙ্কের এত জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন শুনে তাঁরা দুশ্চিন্তায় পড়ে গেছেন।
রাজ্য সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাঁকুড়া জেলায় নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৩৭। তবে এখনও পর্যন্ত ৮৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে জেলায় বর্তমানে করোনা পজিটিভের সংখ্যা ৩৮৭। এখনও পর্যন্ত এই জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি।
জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চললেও লোকজন এখনও উদাসীন। বাজার ও দোকানে ভিড় হচ্ছে এবং সে সব জায়গায় সামাজিক দূরত্বের বিধি মানা হচ্ছে না। অনেকেই মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন।