দ্য ওযাল ব্যুরো: এক দিকে তোলপাড়, হিংসা, অশান্তি। অন্য দিকে সেবা, সাহায্য, সংহতি। একটি আন্দোলন ঘিরে এই দু'রকমের ছবি স্পষ্ট হল দিল্লিতে।
নাগরিকত্ব আইন ঘিরে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। নানা প্রান্তে দানা বেঁধেছে প্রতিবাদ-বিক্ষোভ। ছাত্রসমাজ থেকে রাজনীতিবিদ-- পথে নেমেছেন সমস্ত স্তরের মানুষ। রবিবার দিল্লির জামিয়া মিলিয়া ও উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদীদের উপরে পুলিশি আক্রমণের পরে আরও মাত্রা বেড়েছে বিক্ষোভের। অবরুদ্ধ হয়েছে দিল্লির পুলিশ হেডকোয়ার্টার। ইন্ডিয়া গেটে অবস্থানে বসেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রবল ভিড়ে তেতে রয়েছে পরিস্থিতি। আর এই সব কিছুর মধ্যে আন্দোলনকারীদের চা ও খাবার সরবরাহ করে চলেছেন দুই শিখ ভাই।
হ্যাঁ, তাঁরাও আন্দোলন করছেন বইকী। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধন আইনে তাঁদেরও তুমুল আপত্তি। কিন্তু তাঁরা বেছে নিয়েছেন অহিংস সেবার পথ। তাই পথে নেমে ভাঙচুর নয়, বরং আন্দোলনকারীদের পাশে থেকে তাঁদের খিদে-তেষ্টা মেটানোই এই শিখভাইদের উদ্দেশ্য। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের কীর্তি। প্রশংসা উপচে পড়েছে নেটিজেনদের।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ইন্ডিয়া গেটে যত মানুষ বিক্ষোভ অবস্থান করছেন, তাঁদের প্রত্যেককে অক্লান্ত ভাবে চা খাওয়াচ্ছেন এই দুই ভাই। শীতের দিল্লিতে দিন-রাতের এই আন্দোলন যেন সামান্য হলেও সহজ হয়েছে দুই ভাইের সহমর্মিতায়। সকলকে দু'বেলার প্রয়োজনীয় খাবারও খাওয়াচ্ছেন তাঁরা। তবে শুধু এই দুই ভাই নয়। আন্দোলনের মধ্যে ভ্রাতৃত্ববোধের সুন্দর উদাহরণ রেখেছেন গোটা শিখ সম্প্রদায়। তাঁরা জানিয়েছেন, গুরুদ্বার খুলে দেবেন আন্দোলনরত পড়ুয়াদের জন্য, যাতে ক্লান্ত হলে অন্তত ন্যূনতম বিশ্রামের সুযোগ পায় তরুণ প্রতিবাদীরা।
দেখুন দুই শিখভাইয়ের চা দেওয়ার ভিডিও।
https://twitter.com/Hussain_Md_/status/1206617296975745024
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাদ্দাম নামের এক টুইটার ব্যবহারকারী। ১৫ সেকেন্ডের সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "এ জন্যই তো আমরা বলি সিং ইজ কিং। ইন্ডিয়া গেটে বিক্ষোভকারীদের জন্য চায়ের ব্যবস্থা করেছেন দুই শিখ ভাই। এঁরাই সত্যিকারের নায়ক।"