দ্য ওয়াল ব্যুরো: মাস দেড়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই চিঠির মোদ্দা দুটি বিষয় ছিল, এক- ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। এবং দুই- নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল জনসমক্ষে প্রকাশ করতে হবে।
এমনিতেই একুশের ভোটের আগে যখন বাংলা-বাঙালি ইস্যু হয়ে উঠছে তখন মুখ্যমন্ত্রীর ওই চিঠিকে তাত্পর্যপূর্ণ বলেই মনে করেছিলেন অনেকে। সোমবার প্রধানমন্ত্রী ঘোষনা করে দিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালনে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে।
https://twitter.com/narendramodi/status/1341029284899479552?s=19
মোদী টুইটে লিখেছেন, "নেতাজি সুভাষ বোসের সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পণ্ডিত, সৈনিক ও শ্রেষ্ঠ এই জননেতার ১২৫তম জন্ম জয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি।"
২০২১-এর ২৩ জানুয়ারি থেকে ২০২২-এর নেতাজি জন্মজয়ন্তী পর্যন্ত বছরভর চলবে নানান অনুষ্ঠান। ভারতের স্বাধীনতার লড়াইকে তরান্বিত করতে পৃথিবীর যে যে জায়গায় গিয়েছলেন নেতাজি, সেই সমস্ত জায়গায় সারা বছর ধরে মহা সমারোহে অনুষ্ঠিত হবে নেতাজি জন্মজয়ন্তী।
সম্প্রতি কেন্দ্র নেতাজির ঐতিহ্যের সংরক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। লাল কেল্লা ও নয়াদিল্লিতে তাঁকে নিয়ে একটি সংগ্রহশালা গঠন করা হয়েছে। এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি স্থায়ী প্রদর্শনীশালা ও নেতাজির উপর লাইট অ্য়ান্ড সাউন্ড শোয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এই উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিহাসবিদ, সাহিত্যিক, সেনাবাহিনীর প্রাক্তন পদাধিকারী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের নিয়ে গঠিত হবে এই কমিটি।