দ্য ওয়াল ব্যুরো: সময় যত এগোচ্ছে উৎকণ্ঠা ততই বাড়ছে। আরও ১২ ঘণ্টা লাগতে পারে তামিলনাড়ুর ওই শিশুকে উদ্ধার করতে। গত শুক্রবার বাড়ির সামনে খেলতে খেলতে অসাবধানতায় ৬০০ ফুট গভীর গর্তে পড়ে যায় ২ বছরের সুজিত উইলসন। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। কিন্তু প্রায় ৬৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বাচ্চাটিকে উদ্ধার করা যায়নি। জানা গিয়েছে, প্রাণে বেঁচে গেলেও অজ্ঞান হয়ে গিয়েছে শিশুটি।
তামিলনাড়ু প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিক অবশ্য জানিয়েছেন, স্থিতিশীল রয়েছে সুজিত। যে কূপে বাচ্চাটি পড়ে গিয়েছে তার সমান্তরালে এক মিটার চওড়া একটি সুড়ঙ্গ খুঁড়েছে উদ্ধারকারী দল। ওই সুড়ঙ্গপথেই শিশুটিকে বের করে আনার পরিকল্পনা রয়েছে। তবে অত্যন্ত রুক্ষ এবং পাথুরে জমি হওয়ায় সুড়ঙ্গ কাটার কাজ চলছে খুবই ধীর গতিতে। নয়তো পাথর ভেঙে বাচ্চাটির বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, প্রথমে সুজিত ২৬ ফুট নীচে আটকে গিয়েছিল। সেই সময় তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। হাতে দড়ির ফাঁস জড়িয়ে বাচ্চাটিকে উপরে তুলে আনার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় আচমকাই স্লিপ করে কূপের অনেকটা গভীরে পড়ে যায় বাচ্চাটি। অনুমান, প্রায় ৯০ ফুট গভীরে এখন আটকে রয়েছে ছোট্ট সুজিত। তামিলনাড়ুর রিলিফ কমিশনার জানিয়েছেন, এখনও ৪০ ফুট সুড়ঙ্গ খোঁড়া বাকি রয়েছে। এই কাজ শেষ হলেই সুজিতকে উদ্ধার করা সম্ভব হবে। শিশুটি যাতে আরও গভীরে না পড়ে যায় আপাতত সেদিকেই নজর রাখা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের কর্মীরা আশ্বাস দিয়ে জানিয়েছেন, হয়তো আর ১২ ঘণ্টার মধ্যেই বাচ্চাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।