দ্য ওয়াল ব্যুরো: ১২ বছরের কল্যাণী বাউরির কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিল 'দ্য ওয়াল'। ১২ বছরের মেয়ের একা লড়াই করে চালাচ্ছে সংসার, অন্ন জোগাচ্ছে তিন ভাইবোনের মুখে। এই লড়াইয়ের কথা সামনে আসতেই কল্যাণীকে সাহায্য করতে চেয়ে পাশে দাঁড়াল একাধিক সংস্থা। পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী নিজের ফেসবুক পেজে কল্যাণীর ভিডিও শেয়ার করে, ঠিকানা চেয়ে লিখলেন, তিনি পাশে থাকতে চান কল্যাণীর, করতে চান সাহায্য।

বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের বিসিন্দা গ্রামের বাসিন্দা কল্যাণী মাস ছয়েক আগে হারিয়েছে মা পারুল বাউরিকে। বাবা আগেই প্রয়াত। নেই রেশন কার্ড, নেই আধার কার্ড। এই ভাবেই তিন ভাইবোনকে নিয়ে চরম কষ্টের সংসার কল্যাণীর। একচিলতে ঘরে বৃষ্টি পড়লেই জল পড়ে। বর্ষায় ভেজা বিছানায় রাত কাটায় তারা।

কল্যাণীর চোখে বড় হওয়ার স্বপ্ন আর পাঁচটা কিশোর-কিশোরীর মতোই। কিন্তু সংসারের লড়াইয়ে পিষে গেছে সব। তবু ভাইবোনদের নিয়ে তার বুকভরা আশা। সে চায় ভাইবোনদের মানুষ করতে, দাঁড় করাতে। কথাগুলি বলার সময় চোখের জল উপচে পড়ছিল তার। বলছিল, ভাইবোনদেরও খেলতে ইচ্ছে করে, কিন্তু খিদের জ্বালায় আর খাবার জোগাড়ের তাড়নায় বিপন্ন তাদের শৈশব।

কল্যাণীর ঘটনা সামনে আসার পরে যে ভাবে বহু সংস্থা হাত বাড়িয়েছে সাহায্যের, পাশে থাকতে চেয়েছে কল্যাণীর লড়াইয়ের, তা প্রশংসনীয়। কলকাতা, বর্ধমান, জঙ্গিপুর-- রাজ্যের নানা প্রান্ত থেকে একাধিক সংগঠন দ্য ওয়ালের ফেসবুক পেজেই জানিয়েছেন, তাঁরা কল্যাণীর ঠিকানায় সাহায্য পৌঁছে দেবেন।

কল্যাণীর এই পরিস্থিতির কথা জানাজানি হওয়ার পরে সরকারি স্তরে পাশে থাকার আশ্বাস মিললেও, জানা গেছে এখনও কোনও সাহায্য গিয়ে পৌঁছয়নি সেখানে।
কল্যাণীর ঠিকানা:
কল্যাণী বাউরি
গ্রাম: বিসিন্দা
ব্লক: গঙ্গাজলঘাঁটি
জেলা: বাঁকুড়া
পিনকোড: ৭২২১৩৩
জানুন কল্যাণী বাউরির কথা।
https://www.youtube.com/watch?v=lVg0y4uhDM4