
শেষ আপডেট: 17 June 2019 12:16
জমায়েতের ষষ্ঠ দিন ছিল আজ৷ বুধবার থেকে বিকাশ ভবন চত্বরে এসে প্রায় কয়েক হাজার শিক্ষকের বাঁধ ভাঙে দুপুরে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন ঘেরাও করে ফেলেন মাদ্রাসার শিক্ষিকারা। তাঁদের দাবি, তাঁরা সংখ্যায় প্রায় ৭৫ হাজার। গ্রামে-গ্রামান্তরের প্রত্যন্ত এলাকায় সেই ১৯৯৭ সাল থেকে শিক্ষা দিয়ে যাচ্ছেন সকলকে। শুধু তাই নয়। তাঁরা জানান, পড়ানো ছাড়াও সরকারি প্রকল্পের সমস্ত কাজ, যেমন মিড-ডে মিল, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী-- সব সামলান তাঁরা। ভোটের ডিউটিতেও যেতে হয় প্রত্যেক বছর। কিন্তু তার পরেও তাঁদের না আছে সরকারি আইন মোতাবের বেতন-স্কেল, না আছে কোনও ভাতা বা সুবিধা।
তাঁরা চান, শিক্ষা দফতরের অধীনে এনে তাঁদের সমস্ত সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হোক।
দেখুন ভিডিও। দেখুন আন্দোলনের দাবিদাওয়া।
https://www.facebook.com/TheWallNews/videos/352991235411339/
আন্দোলনকারীদের দাবি, ২০১১ থেকে বহু বার অনুরোধ, উপরোধ চিঠিচাপাটি করেও কোনও সাড়া পাননি তাঁরা সরকারের তরফে। মাইনে পর্যন্ত বাড়েনি তাঁদের একটা টাকাও। শেষমেশ মার্চ মাসে, ভোটের আগেই প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন তাঁরা। এসএসসি চাকরিপ্রার্থীদের পরপরই তাঁরা পেশ করেন তাঁদের দাবিদাওয়া। কিন্তু তাঁদের সরকারি তরফে, প্রতিশ্রুতি দেওয়া হয়, নির্বাচন প্রক্রিয়া শেষ হলে, জুন মাসেই তাঁদের দাবি মানা হবে।
কিন্তু নির্বাচন কেটে গেলেও সুরাহা পাননি তারা বলে দাবি করেন শিক্ষকেরা। জুন মাসের গোড়া থেকেই তাঁরা চিঠি পাঠান, প্রতিনিধি দল এসে দেখা করেন। কিন্তু প্রতিবারই তাঁদের 'তাড়িয়ে দেওয়া' হয় বলে দাবি আন্দোলনকারীদের। এর পরেই গত সপ্তাহে, বুধবার আবারও সল্টলেকে বিধান মূর্তির পাদদেশে আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষিক-রা। সেই আন্দোলনেই, আজ সপ্তাহের শুরুতেই শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করার আবেদন রাখেন তাঁরা।
কিন্তু সেই দাবি না মানা হলেই ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় শিক্ষকদের। পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের সামনে এসে পড়ে পার্শ্বশিক্ষক ও মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনে ঘেরাও করে সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা।
প্রচণ্ড রোদে-গরমে তিন জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। তবে এতেও আন্দোলন কোনও ভাবেই পিছু হটছে না। তাঁরা জানিয়ে দেন, মন্ত্রী যদি দাবি পূরণ না করে চলে যেতে চান, তা হলে তাঁদের লাশের উপর দিয়ে যেতে হবে।
তবে আজ, ছ'দিনেও মন্ত্রী এক বার অন্তত দেখা না করায়, আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। তিন ঘণ্টা করে বিকাশ ভবন থেকে ঘেরাও তুলে ফের অবস্থান-বিক্ষোভে সামিল হলেন শিক্ষকেরা। আগামী সোমবারের মধ্যে শিক্ষা দফতরের তরফে তাঁদের দাবি না মানা হলে, আগামী সোমবার নবান্ন ঘেরাও অভিযান করবেন বলে দাবি করেন শিক্ষকরা।