দ্য ওয়াল ব্যুরো: গঙ্গারামপুর পুরসভার অনাস্থা নিয়ে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল তৃণমূল। আদালত জানিয়ে দিল, আগের তারিখ অনুযায়ী অর্থাৎ ৫ অগস্টই হবে আস্থা ভোট। অন্য কোনও তারিখে তা করা যাবে না।
গত ১৬ জুলাই গঙ্গারামপুরের ভাইস চেয়ারম্যান ৫ অগস্ট আস্থা ভোট করার নোটিস দিয়েছিলেন। ভাইস চেয়ারম্যান যোগ দিয়েছেন বিজেপি-তে। সেই নোটিসের পাল্টা হিসেবে চলতি মাসের ১৯ তারিখ তৃণমূলের তিন কাউন্সিলর অন্তর্বর্তী নোটিস দিয়ে বলেন, ৫ অগস্ট নয়। আস্থা ভোট হবে মঙ্গলবার অর্থাৎ ২৩ জুলাই। চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, “কী করে একটা নোটিসের পর আরও একটা নোটিস জারি হয়ে গেল? নিয়মকানুন কি কিছুই জানেন না?” শুনানির শেষে ১৯ তারিখে জারি করা তৃণমূলের তিন কাউন্সিলরের নোটিস খারিজ করে দেন বিচারপতি।
গঙ্গারামপুর পুরসভায় মোট আসন ১৮। তৃণমূলেরই ছিল ১৮ জন। কিন্তু চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনতে চায় তৃণমূল। তাতে সই করে ১০ জন। ৮ জন সই না করায়, অনেকেই মনে করছেন, এঁরা রয়েছেন চেয়ারম্যানের সঙ্গেই। যদিও চেয়ারম্যান সয়ারসরি বিজেপি-তে যোগ দেননি। তবু বিপ্লব মিত্র-সহ দক্ষিণ দিনাজপুরের একাধিক নেতা বিজেপি-তে যোগ দেওয়ায় জল্পনার শেষ নেই। এখন দেখার ৫ তারিখের আস্থা ভোটে কী সমীকরণ দাঁড়্য উত্তরবঙ্গের এই পুরসভায়।
এ দিন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করেছিলেন সরকারি প্যানেলের আইনজীবীরা। সে ব্যাপারে এ দিন বিচারপতি বলেন, "সরকারি আইনজীবীরা এলেন কি এলেন না, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাজ দেখেন প্রধান বিচারপতি। সরকারের পছন্দ, অপছন্দ দেখা আমার কাজ না।"