দ্য ওয়াল ব্যুরো: আজ, সোমবার থেকে খুলছে পার্কসার্কাসের শিশু হাসপাতাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ। ১২ জন নার্স-সহ ১৬ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ার পরই শিশু হাসপাতালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৫ মে জানা যায়, ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এর ১৬ জন কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। রিপোর্ট পজিটিভ আসতেই হাসপাতাল বন্ধ রেখে স্যানিটাইজ করার কাজ শুরু হয়। অবশেষে আজ, সোমবার থেকে পরিষেবা শুরু হচ্ছে এই শিশু হাসপাতালে।
আক্রান্ত প্রত্যেকেরই চিকিৎসা চলছে রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে। আক্রান্তদের সংস্পর্শে আসা অনেককে রাখা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারেও। ফলে কর্মী সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তবু যে স্বাস্থ্যকর্মীরা সুস্থ রয়েছেন তাঁদের নিয়েই পরিষেবা শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিশু চিকিৎসার অন্যতম সেরা এই প্রতিষ্ঠান।
এই হাসপাতাল বন্ধের ঠিক আগের দিন অর্থাৎ ৪ মে জানা যায় কোভিড সংক্রমণের জন্য বাইপাসের ধারের পিয়ারলেস হাসপাতাল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। গত সপ্তাহেই পিয়ারলেস হাসপাতালে ফের চিকিৎসা শুরু হয়েছে। করোনা সংক্রমণে বন্ধ হয়ে যাওয়া ভিআইপি রোডের ধারের চার্নক হাসপাতালেও পরিষেবা শুরু হয়েছে গত সপ্তাহে। এদিন জানা গেল খুলছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থও।
করোনা সংক্রমণ শুরু হওয়ার সময় থেকেই রাজ্যে বিভিন্ন হাসপাতাল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। শুরুটা হয়েছিল হাওড়া জেলা হাসপাতাল দিয়ে। খোদ সুপারের শরীরে মিলেছিল কোভিড সংক্রমণ। এরপর একে একে পিয়ারলেস, চার্নক, কেপিসি মেডিক্যাল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শরীরে করোনা পজিটিভ মেলায় কোথাও আংশিক কোথাও পুরো বন্ধ করে দিতে হয় হাসপাতাল।
এনআরএস মেডিক্যাল কলেজেই দফায় দফায় বিভিন্ন বিভাগ সাময়িক ভাবে বন্ধ করতে হয়। সপ্তাহ দেড়েক আগে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের বেবি নার্সারি বিভাগের কয়েকজন নার্স ও প্যারামেডিক্যাল স্টাফ কোভিড আক্রান্ত হন।
সারা বিশ্বে তিন লক্ষের বেশি চিকিৎসক, নার্স-সহ করোনা যুদ্ধের সামনের সারির সৈনিকরা কোভিডে আক্রান্ত হয়েছেন। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও।