মোদীও ভ্রষ্ট, রমণও ভ্রষ্ট, ছত্তীসগড়ে ইন্দিরার কথা স্মরণ করালেন রাহুল
দ্য ওয়াল ব্যুরো: কাল বাদে পরশু ভোট। ছত্তীশগড়ের প্রথম দফার ভোটের শেষ দিনের প্রচারে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি সরকারে এলে কী কী করবেন তাও জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র
শেষ আপডেট: 10 November 2018 13:47
দ্য ওয়াল ব্যুরো: কাল বাদে পরশু ভোট। ছত্তীশগড়ের প্রথম দফার ভোটের শেষ দিনের প্রচারে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি সরকারে এলে কী কী করবেন তাও জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং-কে এক ব্র্যাকেটে ফেলে দিলেন রাহুল। কাঙ্কেরের জনসভা থেকে সনিয়া-পুত্রের তোপ, ‘মোদীও ভ্রষ্ট, রমণ সিংও ভ্রষ্ট।”
এ দিনের জনসভা থেকে রাহুল প্রশ্ন তোলেন, “ছত্তীসগড়ে সব আছে। জল আছে, জঙ্গল আছে, খনি আছে তবু এই রাজ্য সবচেয়ে গরিব কেন?” তাঁর কথায়, জল, জঙ্গল, খনি লুঠ করে ১০-১৫ জনকে উপহার দিচ্ছে বিজেপি। অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কংগ্রেসের বিরুদ্ধে প্রায়ই পরিবারতন্ত্রের অভিযোগ আনেন। এ দিন সেই পরিবারের কথা উল্লেখ করেই বিজেপি-কে পাল্টা তির ছুড়লেন কংগ্রেস সভাপতি। বলেন, “আমার পরিবারের সঙ্গে ছত্তীসগড়ের মানুষের বহু দিনের সম্পর্ক। আপনারা তো জানেনই ইন্দিরা গান্ধীকে।”
রাজ্যের চিট ফান্ড দুর্নীতি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী রমণ সিং-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন রাহুল। বলেন, “সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকা লুঠ হয়ে গেল আর রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে দেখলেন।” শুক্রবার মধ্যপ্রদেশের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। ছত্তীসগড়ের প্রথম দফার ভোটের লাস্ট মিনিট প্রচারে একই কায়দায় রাহুল জানিয়ে দিলেন কংগ্রেস সরকারে এলে কী কী করবে।
আরও পড়ুন- ভোটদানপর্ব শেষ না হওয়া পর্যন্ত একজিট পোলে নিষেধাজ্ঞা পাঁচ রাজ্যে
বেকারদের কর্মসংস্থান এবং আদিবাসীদের জমির উপরেই জোর দেন কংগ্রেস সভাপতি। সেই সঙ্গে দিন গুণে বলে দেন, কংগ্রেস সরকার গড়লে দশ দিনের মধ্যে কৃষকদের সব ঋণ মুকুব হয়ে যাবে। দেড় দশক ধরে একটানা এই রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি। রাহুল বলেন, “১৫ বছর সরকার চালাচ্ছে আর রাজ্যে ৪০ লক্ষ বেকার। আমরা সরকারে এলে বেকারদের রোজগারের ব্যবস্থা করব বড়লোকদের নয়।” আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। কৃষকদের উদ্দেশে বলেন, “কিষাণ ভাইয়েরা দশ বছর বোনাস পাননি। আমরা এসে বকেয়া বোনাস দেব। এখন বিজেপি ধানের সহায়ক মূল্য দেয় কুইন্টাল প্রতি ১৫০০ টাকা। ওঁরা বলেছে ওঁরা সরকারে এলে ২১০০ টাকা করে দেবে। ভরসা রাখুন কংগ্রেসের উপর। আমরা এলে অই দাম কুইন্টাল প্রতি ২৫০০ টাকা করে দেব।”
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন