দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ত্রিপুরা সফরে গিয়েছিলেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। বুধবার সকালে উদয়পুরে মাতা ত্রিপুরাশ্বরী মন্দিরে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে গিয়ে পুজোও দেন। কিন্তু আগরতলা থেকে হায়দরাবাদগামী বিমানে বড় বিভ্রাটের মধ্যে পড়তে হল তাঁকে।
সন্ধেবেলা আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ৫৩০ নম্বর বিমান। কলকাতা হয়ে সেটি হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। সন্ধে ৭টা ১৪ মিনিটে কলকাতার মাটি ছাড়ে বিমানটি। কিন্তু তারপরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
জানা গিয়েছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলটরা। এয়ার ট্রাফিক কন্ট্রোল জরুরি অবতরণের অনুমতি দেয়।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান বিচারপতি-সহ বিমানের ১৪৬ জন যাত্রী সুরক্ষিত রয়েছেন। তবে আজ আর তাঁরা হায়দরাবাদ ফিরতে পারেননি। প্র্ত্যেক যাত্রীকে রাখা হযেছে বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেলে। আগামী কাল, বৃহস্পতিবার সকালে অন্য বিমানে এই যাত্রীদের হায়দরাবাদ নিয়ে যাওয়া হবে।