
চালু হল লেডিস স্পেশ্যাল বাস
শেষ আপডেট: 19 November 2024 01:21
দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল উত্তরবঙ্গের দুটি আসন সিতাই ও মাদারিহাটে উপনির্বাচন মিটলেই মিলবে পরিষেবা। সেই মতো সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই উত্তরবঙ্গে চালু হল প্রথম লেডিস স্পেশ্যাল বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগকে এদিন সাধুবাদ জানিয়েছেন পাহাড়ের মহিলারা।
দীর্ঘদিন এই পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। পুজোর আগে বাস চালুর কথা থাকলেও একাধিক কারণে তা পিছিয়ে যায়। পরে জানানো হয় নভেম্বরের মাঝামাঝি সময় বা একেবারে শেষের দিকে মিলবে পরিষেবা। শেষমেশ কোচবিহার-আলিপুরদুয়ার রুটে সোমবার থেকে পথ চলা শুরু করল লেডিস স্পেশ্যাল বাস।
এদিন সকাল ১০টা নাগাদ কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে পথ চলা শুরু করে বাসটি। যার সামনে বড়বড় করে গোলাপি রং দিয়ে লেখা লেডিস স্পেশ্যাল বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে খবর, বাসের সামনে লেখার কারণে মানুষের বুঝতে সুবিধা হবে। কথামতো বাসে থাকছেন মহিলা কন্ডাক্টর।
প্রতিদিনই অনেক মহিলা কোচবিহার-আলিপুরদুয়ার রুটে কাজ করতে যান। বাস চালু হওয়ায় যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে। দুটি বাস ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সামনে গোলাপি রং দিয়ে লেখা থাকছে লেডিস স্পেশাল বাস। ইতিমধ্যে কাজের জন্য ১১ জন মহিলা কন্ডাক্টরকে বেছে নেওয়া হয়েছে। পরবর্তীকালে বাসে মহিলা চালক নিয়োগেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া সুরক্ষার কথা ভেবে সিসি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থাও রয়েছে বাসে। পরবর্তীতে কোচবিহার শিলিগুড়ি ও কোচবিহার-দিনহাটা রুটেও এই ধরনের বাস চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে খবর।
এমনিতে যাত্রীবাহী বাসে পুরুষ ও মহিলাদের একসঙ্গে যেতে হয়। সেক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়তে হয় মহিলাদের। উঠে আসে বিভিন্ন অভিযোগ। এবার তা থেকে শিক্ষা নিয়েই মহিলাদের জন্য বড় উদ্যোগ এনবিএসটিসির।