
শেষ আপডেট: 5 April 2023 12:24
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। রাম নবমীর পর হনুমান জয়ন্তীতেও যে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে সেই আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন। বুধবার এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে উত্তেজনাপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টও। সার্বিক এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শুধু নবান্নের (Navanna) পরীক্ষা নয়, চ্যালেঞ্জের মুখে বাংলাও। অনেকের মতে দীর্ঘ সময় ধরে বাংলায় চলছে না চলবে না করে নেতি নেতি পরিবেশ চলেছে। নতুন করে বাংলার মুখ যাতে না পোড়ে সেই চ্যালেঞ্জ সাধারণ মানুষেরও।
বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখতে বুধবার সন্ধেয় নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সব জেলার জেলা শাসক ও পুলিশ সুপাররা (police-administrators) ওই বৈঠকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত ছিলেন। হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করতে চেয়ে ইতিমধ্যে ২ হাজার আবেদন জমা পড়েছে প্রশাসনের কাছে। তার মধ্যে কোথায় কোথায় উত্তেজনা ছড়াতে পারে তা ম্যাপিং করে জানাতে বলা হয়েছে নবান্নকে। নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, বৃহস্পতিবার রাজ্যে তিন কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যারা করবে তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করতে হবে। কোনও শোভাযাত্রায় কত লোক থাকতে পারে তা ঠিক করার অধিকার পুলিশের থাকবে। হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ধর্মীয় রঙ থাকলেও তা যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। যে সব এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে, সেখানে ব্যারিকেড করে দিতে হবে।
নবান্ন সূত্রে এও বলা হচ্ছে, যে সব এলাকায় একাধিক শোভাযাত্রা বেরোবে তাদের জন্য কমন রুট করে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। তাতে পুলিশি নজরদারিতে সুবিধা হবে। তা ছাড়া শোভাযাত্রা কতটা পথ অতিক্রম করতে পারবে, কোন রুট ধরে যাবে তাও পুলিশই ঠিক করে দেবে। মোটামুটি ভাবে সব শোভাযাত্রার ভিডিওগ্রাফি করা হবে।
হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যারা করবে তাদের সবার নাম ধাম পুলিশকে জানাতে হবে। সেই সঙ্গে মিছিলের স্বেচ্ছাসেবকদের পরিচয় জানাতে হবে।
নবান্ন স্থির করে যে সব এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে সেখানে ভিডিওগ্রাফি তো হবেই সঙ্গে অতিরিক্ত ক্লোজড সার্কিট ক্যামেরাও বসানো হবে।
কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে যে হনুমান জয়ন্তীর মিছিলে কোনও রাজনৈতিক ব্যক্তি যেন না থাকে। কোনও উস্কানিমূলক কথাও যাতে না বলে। সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।
সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে নির্দেশের পর রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের ব্যাপারে রিকুইজিশন পাঠিয়েছে। কলকাতা, ব্যারাকপুর, হুগলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।
হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের, বেনজির ঘটনা বাংলায়