
শেষ আপডেট: 26 September 2023 15:22
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের টোপ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজের তেরো বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। নদিয়ার (Nadia) তেহট্ট-১ নম্বর ব্লকের নাটনা পঞ্চায়েত এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ওই নাবালিকার দিদির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লিখিত অভিযোগে নাবালিকার দিদি পুলিশকে জানায়, সম্প্রতি পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার এক ব্যক্তির মাধ্যমে মোটা অঙ্কের বিনিময়ে বোনকে ‘বিক্রি’ করে দিয়েছেন বাবা। যদিও অন্য একটি সূত্র থেকে পুলিশ জানতে পারে, মোটা টাকার বিনিময়ে নিজের নাবালিকা মেয়ের সঙ্গে একটি ছেলের বিয়ে দিয়েছেন অভিযুক্ত।
এরপরই পলাশিপাড়া থানার সহযোগিতায় বার্নিয়ায় অভিযুক্ত যুবকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। অভিযানের আগেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের এক কর্তা বলেন, “দিদির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নাবালিকা বোনকে উদ্ধার করা গিয়েছে। বিয়ের নামে ঘুরপথে নাবালিকা বিক্রির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।”
আরও পড়ুন: কলেজ সার্ভিস কমিশনের নিয়োগেও বেনিয়ম! হলফনামা তলব আদালতের, উঠে এল 'মন্ত্রী' পার্থর প্রসঙ্গ