
শেষ আপডেট: 9 March 2023 16:44
দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল ২ মার্চ। তার ঠিক সাত দিনের মাথায় জঙ্গিপুর (Jangipur) জেলা পুলিশের সুপার (SP Change) বদল করল নবান্ন (Nabanna)।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ছিলেন ভোলা পাণ্ডে। তাঁকে পাঠানো হয়েছে কমব্যাট ফোর্সের তৃতীয় ব্যাটেলিয়নে। কমব্যাট ফোর্সেরই ১০ নম্বর ব্যাটেলিয়ন থেকে জঙ্গিপুরের এসপি করে পাঠানো হয়েছে রাহুল গোস্বামীকে।
কাকতালীয় হলেও সাগরদিঘির ফল প্রকাশের সাত দিনের মাথায় পুলিশ সুপার বদলের নির্দেশিকা জারি করল নবান্ন। জঙ্গিপুর জেলা পুলিশের মধ্যেই পড়ে এই বিধানসভা এলাকা। যদিও প্রশাসনের বক্তব্য, এটা রুটিন বদল। এরসঙ্গে ভোটে হারা, জেতার কোনও সম্পর্ক নেই। এদিন আরও ৫০টি বদল হয়েছে রাজ্য পুলিশের বিভিন্ন পদে। বেশ কয়েকজন এসপিকেও বদল করা হয়েছে। যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রদবল।
বিরোধীদের অবশ্য বক্তব্য সাগরদিঘিতে শাসকদলকে সুবিধা করে দিতে পারেননি বলেই জঙ্গিপুরের এসপিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় কার্যত গ্যারাজ করে দেওয়া হল। এ ব্যাপারে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ভোটে হারলে পুলিশের উপর কোপ দেওয়া নবান্নের অনেক দিনের অভ্যাস। এর আগে তাহেরপুর পুরসভা বামেরা জেতার পর সেখানকার ওসিকে সরিয়ে দিয়েছিল রাজ্য সরকার।’ তাঁর কথায়, ‘তৃণমূল মনে করে ভোটে জেতা, হারা সবটাই পুলিশের হাতে। তাই এগুলো করে।’
ডিএ কর্মচারীদের অধিকার নয়, সুপ্রিম কোর্টের রায় টেনে দাবি কংগ্রেস নেতা অরুণাভর