
শেষ আপডেট: 5 September 2023 06:57
দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের (Bengal migrant worker)। মৃতের নাম সাদেকুল শেখ (১৯)। ফরাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের শিবনগরের বাসিন্দা সাদেকুল। জানা গেছে, ওড়িশার কুন্দ্রায় রাজমিস্ত্রির কাজ করতেন সাদেকুল। তাঁর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়েছে।
মৃতের পরিবার জানাচ্ছে, রবিবার রাত ১১টা নাগাদ সাদেকুল স্ত্রী রেশমাকে ফোন করেন। দু’জনের মধ্যে কোনও বিষয়ে মতবিরোধ শুরু হয়। অভিমানে সাদেকুল ফোন কেটে দিয়ে মোবাইল সুইচ বন্ধ করে দেন। সোমবার বেলা দশটা নাগাদ পরিবারের লোকের কাছে খবর আসে, সাদেকুল গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন। খবর পেয়ে কুন্দ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ভুবনেশ্বর হাসপাতালে।
আরও পড়ুন: রাহুলের শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তাতেও রাজনীতির খোঁচা, কী বলেছেন কংগ্রেস নেতা
মৃত সাদেকুলের মা আনোয়ারা বিবির দাবি, ”আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। ছবি দেখলাম টিন দেওয়া ঘেরা একটা ঘরে গলায় গামছা দিয়ে সাদেকুল দাঁড়িয়ে আছে। পা দুটো পুরো মাটিতে। আমার মনে হয়, ওকে খুন (Murder) করার পর কেউ পরিকল্পিতভাবে গলায় ফাঁস লাগিয়ে ওখানে ঝুলিয়ে দিয়েছে।” কুন্দ্রা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।