ভোটের আগের রাত থেকে উত্তপ্ত সামশেরগঞ্জ, তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজি
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মুর্শিদাবাদের দুই কেন্দ্রেও আজ ভোট চলছে। সামশেরগঞ্জ (Samsherganj) ও জঙ্গিপুরে সকাল থেকে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় অশান্তির খবর মেলেনি। তবে সামশেরগঞ্জের
শেষ আপডেট: 30 September 2021 03:39
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মুর্শিদাবাদের দুই কেন্দ্রেও আজ ভোট চলছে। সামশেরগঞ্জ (Samsherganj) ও জঙ্গিপুরে সকাল থেকে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় অশান্তির খবর মেলেনি। তবে সামশেরগঞ্জের ঘনশ্যামপুর এলাকা গতকাল রাত থেকেই উত্তপ্ত। তৃণমূল (TMC) কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
ঘটনা বুধবার মধ্যরাতের। স্থানীয় সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ ঘনশ্যামপুর এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়ি ভাঙচুর করা হয়েছএ বলে অভিযোগ। বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি হয়। তৃণমূলের দাবি, কংগ্রেস কর্মীরাই রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। অশান্তি ছড়াতে বোমাবাজি করে এলাকায়।
শাসক দলের দাবি, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের মদতেই এই হামলা হয়েছে। তাঁরই দলবল ভোটের আগের রাতে স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম বলেছেন, ঘটনার তদন্ত করা হবে।
সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ। সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও পর্যবেক্ষকরা। সামেশরগঞ্জে লড়াই চতুর্মুখী। এখানে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই ভোট হচ্ছে। তৃণমূলের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম, বিজেপির প্রার্থী মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে।