
শেষ আপডেট: 23 August 2023 09:21
দ্য ওয়াল ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতি মামলায় (municipality recruitment scam) এবার রাজ্যের এক মন্ত্রীকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই তাঁর কাছে স্পিড পোস্ট করে দেওয়া হয়েছে বলে খবর। জানা গেছে, আগামী ৩১ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে (CBI summons heavyweight minister)।
এর আগে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। সেই আর্জি খারিজ করে আগের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। তারপর ফের পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডি, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সপ্তাহের শুরুতে ওই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
তারপরেই কোমর বেঁধে নিয়োগ দুর্নীতির তদন্তে মাঠে নেমেছে সিবিআই।
নিয়োগ দুর্নীতি মামলায় ১৪টি পুরসভায় একসঙ্গে অভিযান চালিয়েছিল সিবিআই। সিবিআইয়ের ওই আচমকা অভিযান ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরের সরকারি কর্মসূচি থেকে বলেছিলেন, বালেশ্বর রেল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই জায়গায় জায়গায় সিবিআইকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুর নিয়োগ দুর্নীতির কথা প্রথম সামনে আসে নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হওয়ার পর। ইডি আদালতে দাবি করেছিল, তাঁর থেকে উদ্ধার হওয়া নথিতে পুর নিয়োগে দুর্নীতির হদিশ মিলেছে। ইডি এও দাবি করে, সেইসব নথি দেখে জানা গিয়েছে, রাজ্যের ৬০টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। তারপরেই পৃথকভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আদালতে সশরীরে মানিক, জমা দিতে এলেন হলফনামা