
শেষ আপডেট: 9 June 2023 06:42
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কয়েকদিন আগে বিজেপি নেতার খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল ময়নার পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, ওই পঞ্চায়েত এলাকার হরিদাসপুরের পাখিরা পাড়ায় তৃণমূল-বিজেপি দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। গন্ডগোল সূত্রপাত ঢালাই রাস্তার উপর বেড়া দেওয়াকে কেন্দ্র করে। তৃণমূলের অভিযোগ, ঢালাই রাস্তায় উপর বেড়া বসিয়ে সেই পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছিল বিজেপিকর্মীরা। তার ফলে গ্রামের লোকজনের অসুবিধা হচ্ছিল। এরপর গ্রামবাসীদের একাংশ এক সিভিক ভলান্টিয়রকে নিয়ে এসে সেই বেড়া উপড়ে ফেলতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এরপর তৃণমূল কর্মীরা বিষয়টির প্রতিবাদ জানালে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আহত হন।
অপরদিকে বিজেপির অভিযোগ, কয়েকদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন গ্রামের কয়েকজন। তাঁদের দেখে তৃণমূলকর্মীরা উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন, গালিগালাজও দিচ্ছিলেন। তাই এই ঘটনা ঘটে।
যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়না থানার বিশাল পুলিশ। আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।