
শেষ আপডেট: 9 November 2023 17:02
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গ্রামের সাদামাটা পরিবারে তাঁর জন্ম। মা কোনওদিন স্কুলের চৌকাঠেই পা রাখেননি। এমন পরিবার থেকে উঠে আসা মেয়েই এখন জলপাইগুড়ির জেলাশাসক।
কখনও ঝাঁটা হাতে রাস্তা সাফাইয়ে নামেন তিনি। কখনও ডেঙ্গু রুখতে আধিকারিকদের নিয়ে পৌঁছে যান শহরের তস্য গলিতে। জেলাশাসক সামা পরভিন তাই শহরের মানুষের কাছে চেনা মুখ। বুধবার ভাবী IAS, IPS দের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখানে বক্তব্য রাখার সময় শিক্ষার্থীদের সঙ্গে সামা ভাগ করে নিলেন একেবারে নিজের জীবনের অভিজ্ঞতা।
শোনালেন প্রত্যন্ত গ্রামের নেহাতই সাদামাটা পরিবার থেকে এই জায়গাটায় উঠে আসার গল্প। হ্যাঁ গল্পই বটে! সামা জানিয়েছেন, তাঁর মা কোনওদিন স্কুলের চৌকাঠ পেরোননি। তিনি নিজে সংসারের চাকাটা সচল রাখতে উচ্চমাধ্যমিকের পরেই কলেজের পড়াশোনা থামিয়ে রেলের সামান্য চাকরিতে যোগ দিয়েছিলেন। কিন্তু গভীর বিশ্বাসে বাঁচিয়ে রেখেছিলেন স্বপ্নটাকে। পরিবারের পরিস্থিতি কিছুটা সামলে যেতেই ফের পড়াশোনা শুরু করেন সামা। চাকরি করতে করতেই এগোতে থাকে পড়াশোনা। স্নাতক হওয়ার পরে UPSC পরীক্ষা দেন। প্রথম সুযোগেই সফল হয়েছেন এমনটা নয়। পরপর কয়েকবার পরীক্ষা দেন। তারপরেই আসে সাফল্য। অদম্য ইচ্ছেশক্তি তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বলে জানান সামা।
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের এই কর্মশালায় বিভিন্ন কলেজ থেকে মোট ২৬০ জন পড়ুয়া এসেছিলেন। IAS, IPS হবার জন্য তাঁরাও UPSC পরীক্ষায় বসতে চান। তাই জেলা প্রশাসনের তরফ থেকে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের সত্যেন্দ্র নাথ ঠাকুর ইন্সটিটিউটের জলপাইগুড়ি শাখার মাধ্যমের দেওয়া হবে প্রশিক্ষণ। কীভাবে এই পরীক্ষায় বসতে হবে, পড়াশোনাই বা কীভাবে হবে? সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় শিবিরে। এখানে স্কিনিং টেস্টে পাশ করা প্রথম ৫০ জনকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
এখানে আসা ছাত্রী জয়শ্রী নাগ বলেন, “এই জাতীয় কর্মশালা আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কাজে লাগবে। বিশেষ করে যে সকল পড়ুয়া জেলার প্রত্যন্ত এলাকায় থাকেন। যাঁদের আর্থিক অবস্থা খারাপ। মোটা টাকা খরচ করে IAS, IPS পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারেন না। তাঁরাও এখন বিনামূল্যে এই সুযোগ পাচ্ছেন।”
জেলাশাসক সামা পারভিন বলেন, “গত বছর থেকে সরকারি পরীক্ষায় বসার প্রশিক্ষণ দিতে ছাত্রছাত্রীদের জন্য এই কর্মশালার আয়োজন করে হচ্ছে। এবছরও বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।”