
শেষ আপডেট: 19 November 2024 20:54
রেখা থেকে জিনাত আমন, বলিউডের আইকনিক নায়িকাদের সঙ্গে একসময় নাম জড়িয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাক ক্রিকেটার ইমরান খানের। তবে ইমরানের সঙ্গে যে অভিনেত্রীর নাম সবথেকে বেশিবার শিরোনাম উঠে এসেছিল, তিনি বাংলা ছবির ব্লো হট নায়িকা মুনমুন সেন (Moonmoon Sen Imran Khan)। মুনমুন ইমরানের প্রেমের কাহিনি নিয়ে কম জল্পনা হয়নি (Relationship Gossip)।
ইমরান খানের শরীর যেন গ্রিক দেবতা, তিনি সবার স্বপ্নের পুরুষ। আর সেই দেবতা যেন এসে মাথা নোয়ালেন স্নাত মুনমুন সেনের রূপ মাধুরীর সামনে। আটের-নয়ের দশকে পাতার পর পাতায় শুধুই মুনমুন-ইমরানের প্রেমের কবিতা।

তবে এই প্রেম কাহিনি যত না সত্যি, তার চেয়ে বেশি ছিল মিডিয়ার তৈরি রটনা। কারণ মুনমুন সেন কখনই পাত্তা দেননি তাঁর সঙ্গে পাক ক্রিকেটারের অবৈধ সম্পর্কের চর্চাকে। বরং মুনমুন বারবারই বলেছেন, ইমরান তাঁর ভাল বন্ধু। মুনমুন অকপটে বলেছেন, তাঁর স্বামী ত্রিপুরার রাজকুমার ভরত দেব বর্মণের সূত্র ধরেই ইমরান খানের সঙ্গে মুনমুনের আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্ব কোনদিনই প্রণয়ের রূপ নেয়নি বলে দাবি করেছেন মুনমুন। বরং ভরতের কোনওদিন অভিযোগ ছিল না ইমরান খানকে নিয়ে, মুনমুনের প্রতি। যদিও তার পরেও মিডিয়ার গুঞ্জন বন্ধ হয়নি ইমরান-মুনমুন প্রেমচর্চা নিয়ে। মুনমুন স্বামীর কাছেও চিরকাল পরিষ্কার থেকেছেন। এটাই তাঁদের দীর্ঘ দাম্পত্যের চাবিকাঠি।

বেশ কয়েক বছর আগে কলকাতায় একটি ভারত-পাক ক্রিকেট ম্যাচ চলাকালীন ইমরানের সঙ্গে মুনমুনের শেষবার দেখা হয়েছিল। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সে কথা। সে সময় অবশ্য রটে গিয়েছিল সুচিত্রা-কন্যার হয়ে ভোটের প্রচারে আসতে পারেন ইমরান খান। সে সময় অভিনেত্রীকে এও বলতে শোনা গিয়েছিল, ''কলকাতায় ওঁর (ইমরান খান) প্রচুর বন্ধু আছে। আমার স্বামীও ওঁর বন্ধু। ফলে, আমি ইমরানের একমাত্র বন্ধু নই।''
কিন্তু বর্তমানে খুব বেশি যোগাযোগ নেই মুনমুনের সঙ্গে ইমরানের। তাঁদের যোগাযোগ বা কথা আজকাল আর হয় না। তবে যে বন্ধুত্ব চিরকাল শিরোনামে থেকেছে সেই নিয়ে মুনমুন বলছেন, "ইমরানের সঙ্গে দেখা হলে নিশ্চয়ই কথা বলব আবার।"

সুচিত্রা-কন্যা আটের দশকের মাঝামাঝি তখন বলিউডে গিয়ে একের পর এক সাহসী দৃশ্যে অভিনয় করছেন। ভারত জুড়ে মার্গো, সিনথল, লাক্স সাবানের বিজ্ঞাপনে মুনমুন তখন মডেলিং করে সবার মাথা ঘোরাচ্ছেন। ঠিক তখনই পাক ক্রিকেটার ইমরান খানের সঙ্গে নাম জড়ায় মুনমুনের। সেই সময় ইমরান ভারতে খেলতে এলে মুনমুন অবশ্যই তাঁর খেলা দেখতে যেতেন। আর ইডেনে খেলা থাকলে মুনমুন সেনের সঙ্গে দেখা করতে আসতেন ইমরান খান।
ঘি আর আগুন পাশাপাশি আসতেই সিনেপত্রিকাগুলি বসে যায় সেন-খানের প্রেম উপাখ্যান লিখতে। কিন্তু বরাবর তাঁদের ভাল বন্ধুত্বই ছিল। ইমরান প্রসঙ্গে অশ্লীল প্রশ্নের উত্তর দিতে এই বয়সে এসে বিরক্তবোধ করেন শ্রীমতী সেন।
তবে সম্প্রতি শিরোনামে মুনমুন ও ইমরান। জল্পনা উস্কে দিলেন মুনমুন-কন্যা রাইমা সেনই।

বুধবারই রাইমা তাঁর সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন তাঁদের ছোটবেলার একটি ছবি। ছবিটি যেন গোল্ডেন ফ্রেম। ইমরান খানের সঙ্গে যৌবনসরসী মুনমুন ও তাঁর দুই শিশুকন্যা রাইমা ও রিয়া। মুনমুন তাঁর বন্ধুদের সঙ্গে মেয়েদের নিয়ে ছবি তুলতেন। যেমন মিঠুন চক্রবর্তীর সঙ্গেও এরকম ছবি তোলেন এককালে মুনমুন। তবে ইমরানের পাশে দুই কন্যা-সহ মুনমুনকে দেখে মাথা ঘুরে গেছে নেট নাগরিকদের। অনেকেরই প্রশ্ন, মুনমুনের স্বামী ভরত কেন নেই ছবিতে? আরও নানা প্রশ্নে, ট্রোলে ভর্তি হয়ে গেছে রাইমার পেজ।
তবে নিরপেক্ষভাবে দেখলে, ছবিটি থেকে ফুটে উঠছে ইমরানের সঙ্গে মুনমুনের গভীর পারিবারিক বন্ধুত্বের ছবিই।
গুপীর চরিত্রে তপেনকে কীভাবে খুঁজে পেলেন সত্যজিৎ? কীভাবে এমন অবিকল মিল গল্পের সঙ্গে