
শেষ আপডেট: 23 August 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন রতুয়া ব্লকের পুকুরিয়া থানার চৌদুয়া গ্রামের প্রায় ৩৫ জন পরিযায়ী শ্রমিক। মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ার খবর আসতেই শোকে মুহ্যমান চৌদুয়া গ্রাম (Mizoram railway bridge accident)। সরকারিভাবে কারও মৃত্যুর খবর দেওয়া না হলেও অসমর্থিত সূত্রের খবর গ্রামের বেশ কয়েকজন শ্রমিক ওই দুর্ঘটনায় মারা গেছেন। সেই খবর আসতেই কান্নার রোল উঠেছে গ্রামে।
ঘটনাস্থলে আরও অনেকেই আটকে পড়েছেন বলে আশঙ্কা। বুধবার সকাল ১১টা নাগাদ রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, দুর্ঘটনার সময় ওই ব্রিজে অন্তত ৪০ জন কর্মী কাজ করছিলেন। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের মধ্যে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের সাইরাং শাখা বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজধানীকে সংযুক্ত করার জন্য ভারতীয় রেলওয়ের একটি প্রকল্পের অংশ ছিল সেতুটি। কয়েক বছর ধরে এটির নির্মাণকাজ চলছে। আজ সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। আমরা এখনও দুর্ঘটনার পিছনে কারণ এবং তখন কতজন লোক সেখানে ছিল তা নিশ্চিত করতে পারিনি।’
কুরুং নদীর উপর তৈরি করা হচ্ছিল সেতুটি। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-হ্যান্ডেলে ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মাণ রেলওয়ে ওভারব্রিজ আজ ভেঙে পড়েছে, অন্তত ১৫ জন শ্রমিক মারা গেছেন। উদ্ধার কাজ চলছে। এই দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যাঁরা এগিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
আরও পড়ুন: মিজোরামে ভেঙে পড়ল রেলব্রিজ, মৃত ১৭! রয়েছে বাঙালি শ্রমিকরাও, শোকবার্তা মমতার