
শেষ আপডেট: 1 September 2023 08:25
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাখি পূর্ণিমার দিন হস্টেলে আসার কথা ছিল মা,বাবা, বোনের। কিন্তু সেদিন বোনকে নিয়ে আসতে পারেননি বাবা-মা। রাখি পরতে বাড়ি যাওয়ার জন্য তাই হস্টেল থেকে পালিয়ে ছিল নাবালক (Missing Minor Rescued)। সেই সময়ে এক পাচারকারীর খপ্পরে পড়ে সে। পরে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হল ওই নাবালক। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে জলপাইগুড়ির (Jalpaiguri) পাহাড়পুর এলাকায়।
এদিকে পাহাড়পুর এলাকার বাসিন্দারা জানান, ওই নাবালককে তাঁরা রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তাতে সন্দেহ হয় স্থানীয়দের। নাবালকে ডেকে কারণ জিজ্ঞেস করতেই সমস্ত ঘটনা জানা যায়।
স্থানীয় এক দোকানদার আনসারুল হককে ওই নাবালক জানায়, সে স্কুল পড়ুয়া এবং একটি হস্টেলে থাকে। সেখানে থেকে বেরিয়ে সে বাড়ি ফিরছিল। রাস্তায় এক টোটো চালকের সঙ্গে দেখা হয়। ওই টোটো চালক মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে সঙ্গে আসতে বলে। সেই লোভে টোটোচালকের গাড়িতে উঠে পড়ে সে। এরপর মিষ্টি খাওয়ার পরেই সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে দেখে স্কুল থেকে অনেক দূরে সে চলে এসেছে। আর বাড়িও পৌঁছয়নি। ফলে ভয়ে পেয়ে যায় সে। টোটো চালক গাড়ি দাঁড় করিয়ে অন্যত্র গেলে সে সেখান থেকে পালিয়ে আসে। ওই সময়ে সে বাড়ির যাওয়ার রাস্তা খুঁজছিল।
ঘটনাটি জানার পরেই আনসারুল হক ওই নাবালককে নিজের কাছে রেখে চাইল্ড লাইনে খবর দেন। এরপরে চাইল্ড লাইনের আধিকারিক সুদীপ্ত গোস্বামী এসে নাবালককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ নাবালকের সঙ্গে কথা বলার পরে তাঁর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে।
সুদীপ্তবাবু জানিয়েছেন, ওই নাবালকের বাড়ির ময়নাগুড়ির রামশাইতে। বাবার ব্যবসা রয়েছে। স্কুলে পড়ে। ইতিমধ্যে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার সমস্ত ব্যবস্থা করছেন তাঁরা।
এদিকে স্কুলটির হস্টেল সুপারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, বৃহস্পতিবার রাখি পরাতে অনেক ছাত্রের বাড়ির লোকজন এসেছিলেন। কিন্তু ওই ছাত্রের বাড়ির কেউ আসেননি। তাই মন খারাপ হয়েছিল ওই পড়ুয়ার। স্কুল ছুটির পর সব ছাত্র যখন স্টাডিতে পড়াশোনা করছিল তখনই ছাত্র টয়লেট যাওয়ার নাম করে বাইরে বেরিয়ে যায়। আর তারপর থেকেই সেই পড়ুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই তার বাড়ির লোকজনকে ফোন করে খবর দেওয়া হয়। হস্টেলে প্রায় ৩১ জন পড়ুয়া রয়েছে। এমন ঘটনা কোনওদিনই ঘটেনি।
আরও পড়ুন: কলকাতায় কলসেন্টার চক্রের পাণ্ডা কুণালের ১৫০ কোটির সম্পত্তির হদিশ, হাজার কোটির প্রতারণার অভিযোগ