
শেষ আপডেট: 7 February 2021 12:46
অবরোধকারী সারি ধরম কোড কমিটি'র সদস্যদের অভিযোগ, এদিন কলকাতার রাণী রাসমনি রোডে যৌথ মঞ্চের তরফে 'সারিধরম মহাসম্মেলনে'র ডাক দেওয়া হয়ে ছিল। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য জঙ্গলমহলের রাইপুরমুলুকে সারিদের সংগঠন ৫৬টি বাস রাজ্য পরিবহণ সংস্থার থেকে বুক করে। একই সঙ্গে পাঁচ হাজার টাকাও আগাম দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। কিন্তু চুক্তি অনুযায়ী বাস পাঠানো হয়নি।
মঞ্চের সদস্যদের আরও অভিযোগ, শনিবার দুপুর ২টো থেকে ৩ টে পর্যন্ত নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর কথা ছিল বাসগুলির। কিন্তু তা হয়নি। দীর্ঘ অপেক্ষা করে শেষে রবিবার ভোরে ১৪টি বাস পাঠায় সরকারি পরিবহণ সংস্থা। তবে মাত্র ১৪ টি বাসই পাঠানো হয় এদিন। তাই এত অল্প সময়ে কলকাতায় সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হয়ে উঠেনি মঞ্চের সদস্যদের। ফলে তাঁরা সরকারী অসহযোগীতার অভিযোগে তুলে রাস্তায় নেমেছেন তাঁরা বলে দাবি করা হয়েছে।
অবরোধকারী বিমল সরেন, বিপ্লব সরেনের অভিযোগ, ''আমরা ভারত জাকাত মাঝি পরগনামহল থেকে এসছিলাম। সম্পূর্ণ পরিকল্পিতভাবে চক্রান্ত করে আমাদের 'সারি ধরম সম্মেলনে' যেতে দেওয়া হলনা। এই ঘটনা সেকথাই প্রমাণ করে। আর তারই প্রতিবাদে আমাদের এই পথ অবরোধ।'' একই সঙ্গে বাসের জন্য দেওয়া আগাম টাকাও দাবি করেছেন। সারি ধরমের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজ্য বিধানসভায় বিল আনার দাবিতে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন। রাজ্য সরকার তাঁদের এইভাবে রোখার বৃথা চেষ্টা করল বলেও দাবি করা হয়েছে। তবে এব্যাপারে পরিবহন দফতর থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।