দ্য ওয়াল ব্যুরো: পাশের বাড়ির বউয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ছেলের। তার জেরে খুন হতে হল ৭০ বছরের বৃদ্ধ বাবাকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারে। প্রতিবেশী সেই মহিলার স্বামী এসে বৃদ্ধকে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ।
জানা গেছে, মৃতের নাম বিনোদচন্দ্র অধিকারী। কোচিবিহারের দিনহাটার হোপদহের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর ছেলে আবীরচন্দ্রের সঙ্গে প্রতিবেশীসুশান্ত বর্মনের স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ। যা নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত দুই পরিবারের মধ্যে। সম্প্রতি সেই অশান্তি চরম আকার নিয়েছিল।
অভিযোগ সুশান্ত প্রথমে বাজারে অধিকারী বাড়ির দুই ছেলের উপর চড়াও হয়। সেখান থেকে তাদের তাড়া করে বাড়ি অবধি চলে আসে সে। তারপর বাড়িতে ঢুকে বৃদ্ধকে সামনে পেয়ে ধারালো অস্ত্রের আঘাত করে। একের পর এক কোপ দিয়ে বৃদ্ধকে খুন করার অভিযোগ উঠেছে সুশান্তের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।