দ্য ওয়াল ব্যুরো: ‘জাগো বাংলা জাগো, নব কলেবরে জাগো, সার্থক হও মাগো, পরিপূর্ণতায় তুমি জাগো!’
কবিতার এই লাইনগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কবিতাবিতান’ গ্রন্থের পংক্তি। অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট ভাষণ শেষ করেছেন মুখ্যমন্ত্রীর কবিতার এই লাইনগুলি দিয়ে। অসুস্থতার কারণে এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভায় এসে বাজেট ভাষণ পাঠ করতে পারলেন না অমিত মিত্র। পূর্ব ঘোষণা মতো পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাজেট পাঠ করেন। তবে, ভার্চুয়াল মাধ্যমে বাড়ি থেকে সভায় উপস্থিত ছিলেন অমিত মিত্র। ভার্চুয়ালি ছিলেন, মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনেও। প্রসঙ্গত, তৃণমূলের দলীয় মুখ নামও 'জাগো বাংলা'। সদ্য অনুষ্ঠিত বিধানসভা ভোট বাংলা ও বাঙালি ছিল তৃণমূলের প্রধান অস্ত্র।
ভাষণের শুরুতে অমিত মিত্র লিখেছেন, ‘এমন রাজ্য কোথাও খুঁজে পাবে নাকো তুমি...।' তিনি বলেছেন, ‘এ রাজ্যে সবটাই শিল্প। সভ্যতা ও সংস্কৃতির ছন্দময় চিত্র। আমাদের মা-মাটি-মানুষ সরকারের বহুমুখী প্রকল্পের বাস্তবোচিত রূপায়ণের মধ্যে দিয়ে জনহিতকর সেবায় সরকার অদম্য সাহসিকতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে রাজ্যের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সুদক্ষ পরিচালনায় বহুবিধ জনকল্যাণমূলক কর্মসুচীর সফল রূপায়ণ এবং সামগ্রিকভাবে রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজ্যবাসী আপ্লুত। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।'
১৬ পাতার বাজেট ভাষণে অমিত মিত্র এ যাবত রাজ্য সরকারের গৃহীত প্রকল্পগুলির সাফল্য উল্লেখ করেছেন। একইসঙ্গে উল্লেখ করেছেন, হালে ঘোষিত প্রকল্পগুলির কথা। তাঁর বক্তব্য, ‘গত ১০ বছরে পশ্চিমবঙ্গ অভূতপূর্ব আর্থিক উন্নতি ঘটেছে।’