দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় জখম হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে গোয়ায় এই দুর্ঘটনা ঘটে। বাবুনের গাড়িতে এসে অন্য একটি গাড়ি ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ভেঙে যায় গাড়ির কাচ। কাচের টুকরো গেঁথে যায় মুখ্যমন্ত্রীর ভাইয়ের কপালে।
রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। শনিবার গোয়ায় ছিল মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচ। টিমের সঙ্গেই সেখানে গিয়েছিলেন ফুটবল সচিব। নিজের হোটেল থেকে টিম হোটেলে আসার পথেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মোহনবাগান টিম সূত্রে খবর। সেলাই করতে হয়নি ফুটবল সচিবের কপালে। কাচের টুকরো বের করেই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। রবিবার টিমের সঙ্গেই বাবুন কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।
বাগানের ডামাডোলের সময় যখন টুটু বসু গোষ্ঠীর কর্তারা গণপদত্যাগ করেছিলেন, সেই সময় অঞ্জন মিত্র গোষ্ঠী তাঁকে ফুটবল সচিবের চেয়ার দেন। কিন্তু বাগানের ভোটের আগেই শিবির বদল করেন বাবুন। টুটু বসুর প্যানেলেই ফুটবল সচিব হয়ে ভোটে লড়ে জেতেন ড্যাংড্যাং করে। ফুটবল সচিব হিসেবে বাবুনের হাত ধরেই আট বছর পর ঘরোয়া লিগ জেতে মোহনবাগান। কিন্তু আই লিগে এসেই মুখ থুবড়ে পড়ে দল। দু'দুটো বড় ম্যাচ হারের পর লিগের আশা শেষ হয়েই গেছিল। তবু গায়ে জ্বর নিয়েই টিমের সঙ্গে গোয়া গিয়েছিলেন বাবুন। কিন্তু সেই ম্যাচও ড্র করে বাগান। সব মিলিয়ে মোহনবাগানের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না।