দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরের শুরুতে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে আরও বেশি করে পোলট্রির (Poultry) ব্যবসা করতে। বাইরে থেকে এ রাজ্যে প্রচুর ডিম আনতে হয় বলে এমন পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গ থেকে আবারও সেই কথাই বললেন তিনি।
মঙ্গলবার কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের সঙ্গে এই বৈঠকেই তিনি জানিয়েছেন রাজ্য সরকারের নতুন টার্গেটের কথা। আগামী ৩ বছরের মধ্যে ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় প্রতিবছর মোট ৩৯০ কোটি ডিম আনতে হয় বাইরে থেকে। এই ঘাটতি মেটাতে এবার এই রাজ্যেই ডিমের ব্যবসা শুরু করা হবে। সরকারি উদ্যোগে তৈরি হবে পোলট্রি।
এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে বলছিলেন, মনে রাখবেন মুরগির পোলট্রি, হাঁসের পোলট্রিও শিল্প। এগুলো করুন। বেশি করে মাছ তৈরি করুন। সরকার কিন্তু অনেক টাকা ভর্তুকি দিচ্ছে। সেই পোলট্রির শিল্পতেই এবার জোর দিচ্ছে সরকার।