দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়েই উত্তরবঙ্গ সফর মাঝপথে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালেই তিনি কলকাতায় চলে আসবেন। এরপর রাতের দিকে সংবাদমাধ্যমে স্মৃতিচারণা করতে গিয়ে মমতা বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ফোন করে তাঁর কাছে গান শুনতে চাইতেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "নিজে এত ভাল গাইতেন, কখনও কখনও আমায় ফোন করে বলতেন মমতা একটা গান শোনাও না। আমি বলতাম, সন্ধ্যাদি আপনি আমাকে বলছেন! কখনও কখনও সন্ধ্যাদিকে আমায় গান শোনাতে হয়েছে। অনেকে ভাবতে পারবেন না। এতটাই উনি আমাকে ভালবাসতেন।"
মুখ্যমন্ত্রী বলেন, অসুস্থতা ছিল। তবে আজ সকালেও ঠিক ছিল। হঠাত্ করে এতটা অবনতি হবে ভাবতে পারা যায়নি। মমতা আরও বলেন, গানের জগতে কিংবদন্তিদের সকলেই একে একে চলে গিয়েছেন। ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনিও চলে গেলেন। স্তব্ধ হয়ে গেল সুরের ঝংকার।
বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। সেখানেই প্রয়াত গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ।