
শেষ আপডেট: 16 October 2022 14:09
দ্য ওয়াল ব্যুরো: সরকারি টাকায় মেরামত করা হচ্ছে বেসরকারি খামার বাড়ি, আর উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই বাড়িতেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee North Bengal Visit)! এমনই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা।
এর পরে এই নিয়ে টুইট করেন শুভেন্দু অধিকারীও। প্রশ্ন তোলেন, রাজ্যের করদাতাদের টাকায় কেন মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসের মালবাজারের ব্যক্তিগত খামার বাড়ি মেরামত করা হবে মুখ্যমন্ত্রীর থাকার জন্য! সঙ্গে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে খামারবাড়ি সংস্কারের যে চিঠি করা হয়েছে, সেটিও পোস্ট করেছেন শুভেন্দু। পাল্টা প্রশ্ন উঠেছে, বিরোধী দলনেতা কীভাবে ওই সরকারি চিঠি পেলেন!
জানা গেছে, আগামীকাল সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসের মালবাজারের তেসিমলার ব্যক্তিগত খামার বাড়িতে থাকবেন বলে ঠিক করা হয়েছে। অভিযোগ, সেই কারণে সরকারি অর্থ ব্যয় করে সেই খামারবাড়িটি সংস্কার করা হচ্ছে এবং সাজিয়ে তোলা হচ্ছে।
নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা রবিবার সাংবাদিক সন্মেলন করে প্রশ্ন তোলেন, কীভাবে সরকারি অর্থে এই খামার বাড়ির রেনোভেশন করা হচ্ছে। তাঁর দাবি, অনেক সরকারি বাংলো থাকা সত্ত্বেও এই বেসরকারি খামারবাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী। সে জন্য বেসরকারি প্রপার্টিতে জনগণের টাকা খরচ করা হচ্ছে।
এই ঘটনায় তৃণমূলের মুখপাত্র তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ জানান, 'মুখ্যমন্ত্রী সরকারি সফরে আসছেন। তাঁর থাকা-খাওয়া থেকে যাবতীয় দায়িত্বই জেলা প্রশাসনের। এর বেশি আমি কিছু বলতে পারব না।'
চোখের সামনে একের পর এক বাড়ি তলিয়ে গেল নদীতে! ভয়ঙ্কর ভাঙনের কবলে সামশেরগঞ্জ