
শেষ আপডেট: 26 June 2023 08:02
দ্য ওয়াল ব্যুরো: শুধু তাঁর নামটা মুখে আনেননি। কিন্তু তাতে বুঝতে অসুবিধা হল না যে, কে তাঁর নিশানায়? পঞ্চায়েত নির্বাচনের পয়লা প্রচারসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের তীব্র সমালোচনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার কোচবিহারের চান্দামারি হাইস্কুল মাঠের সভা থেকে মমতা বলেন, “একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়? এখানে যখন বিএসএফ লোককে গুলি করে মেরে দিচ্ছে, তখন উনি আফ্রিকায় ঘুরছেন। তারপর ১০০ গাড়ির কনভয় নিয়ে ঢুকে পড়বেন ভোটে”। মমতা মনে করিয়ে দেন, পঞ্চায়েত ভোটের সময়ে ওভাবে লম্বা কনভয় নিয়ে ঢোকা যাবে না।
কদিন আগে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটে গাড়ির ব্যবহার নিয়ে একটি নির্দেশিকা দিয়েছেন। তাতে বলা হয়েছে, ভোট প্রচারে বা মিছিলের জন্য গাড়ি ব্যবহার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। সীমিত সংখ্যায় গাড়ি ব্যবহারের অনুমতি দিতে পারে কমিশন।
মাস কয়েক আগে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধেছিল দিনহাটায়। সেই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। নিশীথের অভিযোগ ছিল, উদয়ন গুহর বাহিনী হামলা চালিয়েছিল। এদিন সরাসরি নিশীথকে গুন্ডা বলে মন্তব্য করলেন দিদি।
পাঁচ বছর আগে পঞ্চায়েত ভোটে কোচবিহারের ছবিটাই ছিল আলাদা। সেবার নিশীথ ছিলেন যুব তৃণমূলের নেতা। তৃণমূলের জেলা সভাপতি তখন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারে পাঁচ বছর আগে পঞ্চায়েত যুদ্ধ তেতে উঠেছিল মাদার বনাম যুবর কোন্দলে। কোথাও প্রতীকে কোথাও নির্দল হিসাবে নিশীথ নিজের লোকজনকে প্রার্থী করেছিলেন। বহু জায়গায় নিশীথ বাহিনী কার্যত বলে বলে হারিয়েছিল তৃণমূলের প্রার্থীদের।
সেই ভোট মেটার কয়েক মাস পর থেকে ছবি বদলাতে শুরু করে। নিশীথের নামে পুরনো মামলা নাড়াচাড়া দেয় পুলিশ। বেশ কিছু দিন কোচবিহার ছেড়ে বাইরে ছিলেন তিনি। তারপর বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবির তাঁকে প্রার্থী করে। সাংসদ থেকে এখন তিনি মন্ত্রী। অমিত শাহের ডেপুটি। অনেকে বলেন, তাঁর চোখ দিয়েই অমিত শাহ উত্তরবঙ্গ দেখেন।
রাজনৈতিক মহলের অনেকের মতে, এবারের পঞ্চায়েত ভোটে কোচবিহারে তৃণমূলের লড়াই মূলত নিশীথের বিরুদ্ধেই। আবার চব্বিশের ভোটের দশ মাস আগে পঞ্চায়েতকে হয়তো লিটমাস পরীক্ষা হিসাবে ধরছেন নিশীথ। সেই আবহে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি গুন্ডা বলে আক্রমণ শানিয়েছেন মমতা।
কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে পুলিশ বুঝে নেবে, সরকারে আমরাই থাকব: মমতা