
শেষ আপডেট: 7 November 2022 11:44
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: খাওয়া দাওয়া সেরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের যুবক। মাঝরাস্তায় পিষে দিল মহকুমা শাসকের গাড়ি (Maldah Road Accident)। এই দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে।
মৃত (Dead) যুবকের নাম পাপ্পু দাস। তাঁর বাড়ি পুরাতন মালদহের বালা সাহাপুর এলাকায়। রবিবার তিনি ইংরেজবাজার থানার গাদুয়ার মোড় এলাকায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। রাতের খাওয়া-দাওয়া সেরে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাঁধ রোডের কাছে তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা মারে মহকুমা শাসকের গাড়ি।
বিকট শব্দ শুনতে পেয়ে আশপাশ থেকে ছুটে আসেন এলাকার লোকজন। কাছেই একটি মাঠে নৈশ ফুটবল ম্যাচ চলছিল। সেখানে গিয়েছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনিও ঘটনাস্থলে ছুটে যান। দেখেন, ঘাতক গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে একটি মোটর সাইকেল। ঠিক তার কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন পাপ্পু। রক্ত ভেসে যাচ্ছে রাস্তা। আহত অবস্থায় মেয়েকে নিয়ে পড়ে রয়েছেন তাঁর স্ত্রীও। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ময়নাগুড়ির গুদামে আগুন! ঘটনাস্থল থেকে উদ্ধার বার্মিজ পাইথন
সারারাত মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে মৃত্যু হয় পাপ্পুর। এই ঘটনায় মৃতের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি উঠেছে।
ঘটনার খবর পেয়ে, মালদহ মেডিক্যাল কলেজে গিয়েছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেখানে তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এই দুর্ঘটনার তদন্ত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।