
শেষ আপডেট: 2 December 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: জ্বর জ্বর হয়েছিল। তাই একদিন অনুপস্থিত ছিলেন। অভিযোগ, পরের দিন অফিসে যেতেই বাঁশ দিয়ে বেধড়ক মারা হয় ওই বন-সহায়ককে। বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুকুমার মণ্ডল। এই ঘটনায় মালদহের ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপকুমার গোস্বামীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, সুকুমার মানিকচক থানার রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা। জ্বর হওয়ায় একদিন অফিসে যেতে পারেননি তিনি। সুকুমারের অভিযোগ, তড়িঘড়ি ফোন করে পরের দিন তাঁকে ফরেস্ট রেঞ্জ অফিসে ডেকে পাঠান রেঞ্জ অফিসার প্রদীপকুমার গোস্বামী। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, “গালাগাল করছিল বলে আমি প্রতিবাদ করেছিলাম। তখন রেঞ্জ অফিসার-সহ কয়েকজন বাঁশ দিয়ে আমাকে বেধড়ক মারধর করে।” হাতে এবং পায়ে চোট পান ওই বন-সহায়ক কর্মী।
পরিবারের সদস্যরা সুকুমার মণ্ডলকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপকুমার গোস্বামী। ডিভিশনাল ফরেস্ট অফিসার জিজু জেসপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।