
শেষ আপডেট: 20 February 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দীর্ঘ ২৫ বছর পর বিচার পেল বুধন শবরের পরিবার। ১৯৯৮ সালে পুরুলিয়া জেলা (Purulia) সংশোধনাগারে বুধন শবরের অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার সেই মামলায় বরাবাজার থানার প্রাক্তন ওসি (Former OC) অশোক রায়কে ৮ বছরের কারাদণ্ড (got arrested) দিল পুরুলিয়া জেলা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ও ৩৩০ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করল পুরুলিয়া জেলা আদালত। ৩০৬ ধারায় ৮ বছরের কারাদণ্ড ও ৩৩০ ধারায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারক। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাঁর।
১৯৯৮ সালে পুরুলিয়া সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বুধন শবরের। পুলিশের বিরুদ্ধে বুধন শবরকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ শবর খেড়িয়া কল্যাণ সমিতির পক্ষ থেকে মহাশ্বেতা দেবী (Mahasweta devi) কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করেন। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। পুরুলিয়া জেলার এটাই প্রথম মামলা যার তদন্ত করে সিবিআই।
১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি কেন্দার অকরবাইদ গ্রামের বাসিন্দা বুধন শবরকে চুরির অভিযোগে আটক করে নিয়ে যায় বরাবাজার থানার পুলিশ। অভিযোগ, ১২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত তাঁকে লকআপে রেখে মারধর তারপর পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ১৬ ফেব্রুয়ারি আবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। ১৭ ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা সংশোধনাগারের বুধন শবরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জেল কর্তৃপক্ষ জানায় বুধন আত্মহত্যা করেছে। কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করে পুলিশের বেদম মারে মৃত্যু হয়েছে বুধন শবরের।
এই অভিযোগ তুলেই পশ্চিমবঙ্গ শবর খেড়িয়া কল্যাণ সমিতির সভাপতি মহাশ্বেতা দেবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এই ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি বরাবাজার থানার তৎকালীন ওসি অশোক রায় ও এএসআই অজয় সেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। এই মামলায় মোট ৮৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তাতে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, পুরুলিয়া জেলা সংশোধনাগারের বেশ কয়েকজন আধিকারিক, জেলকর্মী ও পুলিশ ছিলেন।
দীর্ঘ ২৫ বছর ধরে সেই মামলা চলতে থাকে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি শুক্রবার পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্রাকের দ্বিতীয় আদালত বরাবাজার থানার তৎকালীন ওসি অশোক রায়কে দোষী সাব্যস্ত করেন। কিন্তু প্রমাণের অভাবে তৎকালীন এএসআই অজয় সেনকে বেকসুর খালাস করেন। সোমবার পুরুলিয়া জেলা আদালতে সাজা ঘোষণা হল। দীর্ঘ ২৫ বছর পর এমন রায়ে দারুণ খুশি নিহত বুধন শবরের পরিবার। উচ্ছ্বসিত গ্রামবাসীরাও।
স্বামী ও শাশুড়িকে খুন করে কেটে ফ্রিজে ভরল মহিলা, দেহাংশ ফেলে দিয়ে এল ভিনরাজ্যে