দ্য ওয়াল ব্যুরো: শিবসেনার সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে এবার রাহুল গান্ধীকে খোঁচা দিতে শুরু করল বিজেপি। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধী কি লজ্জায় পড়েই গেলেন না, এই প্রশ্ন তুলছে বিজেপি।
মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করে সরকার গড়েছে কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। আগে বিজেপির সঙ্গেই জোট ছিল শিবসেনার, বিজেপির বহু নেতা বারবারই বলেছেন যে হিন্দুত্বই এই জোটের ভিত্তি। সেই কট্টরপন্থী শিবসেনার সরকারে শরিক হয়েছে কংগ্রেস।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শপথ অনুষ্ঠানে যাননি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী বা ছেলে রাহুল গান্ধীর কেউই। রাহুল অবশ্য চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন উদ্ধবকে।
বিজেপির মুখপাত্র জিএলভি নরসিমহা রাও টুইট করে বলেন, “ভণ্ডামি বন্ধ করুন রাহুল গান্ধী। আপনি একই রকম দৃষ্টিভঙ্গির একজনকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করছেন। সামনার প্রধান সম্পাদক উদ্ধব ঠাকরে আগে লিখেছিলেন যে গডসে হলেন দেশপ্রেমিক। এই জন্য কি লজ্জায় তাঁর শপথ অনু্ষ্ঠানে যেতে পারেননি?”
বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর সম্প্রতি নাথুরাম গডসের গুণকীর্তন করায় রাহুল গান্ধী মন্তব্য করেন, উনি গেরুয়া দলের ‘অন্তর ও আত্মা’র কথাই বলেছেন।
রাহুলকে খোঁচা দিয়ে রাও বলেন, “রাহুল গান্ধী কি মনে করেছিলেন উদ্ধবকে আলিঙ্গন করা আত্মহত্যার সামিল? শিবসেনা তো যে কোনও ভাবে সরকার গড়তে চাইছিল, তবে তারা তো ‘অস্পৃশ্য’ ছিল। সুলতানরা দাসদের হুমকি দিয়ে থাকে, বন্ধুদের নয়। এটা হল আসলে মহারাষ্ট্রের শ্রদ্ধেয় বালাসাহেব ঠাকরের অহমকে অপমান করা।”
https://twitter.com/GVLNRAO/status/1200024724673159170
https://twitter.com/GVLNRAO/status/1200022769590648832
রাহুলকে কটাক্ষ করলেও ‘গডসের ভক্ত’ উদ্ধব ঠাকরেকে তিনি অভিনন্দন জানিয়ে বলেন যে, শিবসেনার প্রধান ও তাঁর দলের বিধায়করা তাঁদের আদর্শকে সুলতানদের চরণে সঁপে দিয়েছে।
https://twitter.com/GVLNRAO/status/1200041202860486656
তিনি কটাক্ষ করে বলেছেন, এই কাজটা সম্পূর্ণ করতে এবার ‘সামনা’র নাম বদলে যেন ‘সনিয়া নামা’ করে ফেলা হয়। ‘সামনা’ হল শিবসেনার মুখপত্র। কংগ্রেস যে তাদের অর্থহীন সম্পাদকীয়কে বরদাস্ত করবে না এবং এটিকে তৃতীয় শ্রেণির পত্রিকা হিসাবে গণ্য করবে সে কথাও বলেছেন রাও।