
শেষ আপডেট: 4 May 2022 08:08
দ্য ওয়াল ব্যুরো: ৬ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। বর্ষীয়ান অভিনেত্রীর গলব্লাডারে স্টোন হয়েছে। ভবিষ্যতে অস্ত্রোপচার করতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আপাতত তিনি সুস্থ। এদিন শহরের নামজাদা বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে।
৮০ বছর বয়স হয়েছে মাধবী মুখোপাধ্যায়ের (Madhabi Mukherjee)। তাই তাঁর হাসপাতালে ভর্তির খবর শুনেই সকলে উদ্বিগ্ন হয়ে ওঠেন। মাধবীর অনুরাগীরাও উতলা হয়ে উঠেছিলেন তাঁর শারীরিক পরিস্থিতির হদিশ পেতে। অবশেষে বুধবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
আরও পড়ুন: আজান বনাম হনুমান চালিশা! উত্তপ্ত মহারাষ্ট্র, শুরু ধরপাকড়, নিরাপত্তা জোরদার
মাধবী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অ্যানিমিয়া এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। তাঁর রক্তে শর্করার মাত্রা চিন্তায় রেখেছিল চিকিৎসকদের। বয়সের কারণেই চিন্তাটা হচ্ছিল আরও বেশি। কারণ রক্তে শর্করার মাত্রা বেশি বেড়ে গেলে হৃদরোগ কিংবা স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়। তাঁর যথাযথ পরীক্ষানিরীক্ষা করে পদক্ষেপ করেছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে মাধবী মুখোপাধ্যায় এখন সুস্থ আছেন। তাই তাঁকে বাড়ি যেতে দেওয়া হয়েছে।
হাসপাতালের পরিষেবা নিয়ে সন্তুষ্ট অভিনেত্রী। বলেন এই হাসপাতালের পরিষেবা খুব ভাল, সুনাম তো আছেই। তাপস যখন অসুস্থ ছিল এখানেই ভর্তি ছিল, মাদার টেরেসাও এখানে ছিলেন। এই হাসপাতালেই আমি আমার নাতনিকে পেয়েছি। তাই এটা আমার কাছে একটা বাড়ির মতোই মনে হয়। এখানকার কর্মীরা সারাক্ষণই খোঁজ নেন কিছু প্রয়োজন আছে কিনা, কোনটা আমার করা উচিত কোনটা উচিত নয় সব বলে দিচ্ছেন ডাক্তাররা।