দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভরদুপুরে একপ্রস্থ নাটক হয়ে গেল দিল্লির ১০ নম্বর আকবর রোডে। সেসবের পর রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ দাবি করলেন, আজকেই স্পষ্ট হয়ে গেল সলিসিটর জেনারেল তুষার মেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা করার জন্য সময় দিয়েছিলেন।
কোন সাক্ষাৎ? ১০ নম্বর আকবর রোডে কী আছে?
গত কয়েক দিন ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষারের সাক্ষাৎ হয়েছে বলে তৃণমূল অভিযোগ তুলছে। শাসকদলের প্রশ্ন, শুভেন্দুর নাম নারদ মামলায় রয়েছে। সারদা মালিক সুদীপ্ত সেন আদালতকে চিঠি দিয়ে বলেছেন, শুভেন্দু তাঁর থেকে টাকা নিতেন। এই দুই মামলার তদন্ত করছে সিবিআই। তাহলে একজন অভিযুক্ত কী করে তদন্তকারী এজেন্সির আইনজীবীর সঙ্গে দেখা করতে পারেন?
কুণাল ঘোষ এদিন সোজা চলে যান মেটার বাড়ির দোরগোড়ায়। রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, “আমি গিয়ে বাড়ির নিরাপত্তারক্ষীদের বলি তুষার মেটার সঙ্গে দেখা করব। তাঁরা ভিতরে খবর পাঠান। একজন অফিসার আসেন। তিনি আমায় বলেন, এ ভাবে তো দেখা করা যায় না।"
কুণাল এই শুনেই ফিরে আসার লোক নন। তিনি জিজ্ঞেস করেন, তাহলে কী ভাবে দেখা করতে হয়? পদ্ধতি কী? কুণালের দাবি জবাবে তাঁরা বলেন, 'যদি কোনও পিটিশনার হন, যাঁদের মামলা তুষার মেটা দেখছেন তাঁরা দেখা করতে পারেন। আর না হলে আগে থেকে সাক্ষাতের সময় নিয়ে রাখতে হয়।'
কুণাল এদিন বলেন, “আজকে এটা স্পষ্ট হয়ে গেল, এর আগের দিন উনি (তুষার মেটা) যাঁর সঙ্গে দেখা করেছিলেন তা হঠাৎ হয়নি। মানে বাড়ির সামনে এসে গাড়ি হর্ন বাজাল আর কেন্দ্রের সলিসিটর জেনারেলের বাড়ির দরজা খুলে গেল ব্যাপারটা এমন নয়।"
এরপর তুষারের সচিবদের হাতে কুণাল একটি দু’পাতার চিঠি তুলে দিয়েছেন বলে জানান। সেই চিঠিতে নারদ মামলার পাশাপাশি সুদীপ্ত সেনের চিঠির প্রসঙ্গ রয়েছে। কুণাল নাকি ওই চিঠিতে এসজি-র উদ্দেশে প্রশ্ন তুলেছেন, কেন তিনি একজন প্রভাবশালী অভিযুক্তকে ‘এন্টারটেন’ করছেন?
মেটা-শুভেন্দু বৈঠক নিয়ে তৃণমূল যে আদালজল খেয়ে নেমেছে তা স্পষ্ট। এই ঘটনা নিয়ে উপুর্যুপুরি টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি মেটার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি করেন। তারপর সোমবার অভিষেক টুইট করে লেখেন, “৭২ ঘণ্টা পরেও ভারত সরকারের সলিসিটর জেনারেল তুষার মেটা নিজের বাড়ির ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে পারলেন না। আপনি বিজেপির সিক্রেট জেনারেল, সলিসিটর জেনারেল নন।" অভিষেকের আরও দাবি সলিসিটর জেনারেল বলুন শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ছিল কিনা।
এই বিতর্কের মধ্যে সলিসিটর জেনারেল জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাঁর বাড়ি গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁদের দেখাই হয়নি। বাইরের ঘরে বেশ কিছুক্ষণ বসে, চা-বিস্কুট খেয়ে ফিরে গেছেন নন্দীগ্রামের বিধায়ক। যদিও একথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাঁদের বক্তব্য, আজকে কুণাল ঘোষের ঘটনাতে মেটার বাড়ির নিরাপত্তারক্ষীরাই স্পষ্ট করে দিয়েছেন, আগাম সময় না নেওয়া থাকলে ওই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয় না।
সব মিলিয়ে বিজেপি নীরবতা বজায় রাখলেও, এই মেটা কাণ্ডকে মেগা ধারাবাহিকের পর্যায়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল।