
শেষ আপডেট: 9 August 2023 12:18
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কুলপিতে (Kulpi) বোর্ড গঠন ঘিরে বোমাবাজির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন করতে যায় তৃণমূল (TMC)। সেই সময় পঞ্চায়েত অফিসের অদূরে একটি প্রাথমিক স্কুলের কাছে বোমাবাজি শুরু হয়।
অন্যদিকে তৃণমূল জানিয়েছে, শান্তিপূর্ণভাবেই বোর্ড গঠন হয়েছে। বাইরে কিছু ঘটে থাকলে সেটা পুলিশ দেখবে। এখানে কোনও গোষ্ঠীকোন্দল নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বোর্ড গঠনের অনুষ্ঠান ছিল পঞ্চায়েত অফিসে। ঠিক সেই সময় মিড ডে মিল দেওয়ার জন্য প্রস্তুতি চলছিল স্কুলে। আচমকাই বোমাবাজি শুরু হয়। বোমা ফাটার বিকট শব্দে ভয়ে পেয়ে যায় স্কুল পড়ুয়ারা।
কুলপি বিধানসভার অন্তর্গত এই চণ্ডীপুর গ্রামপঞ্চায়েত। সেখানে আসন সংখ্যা ১৭টি। মোট ১০টি আসন দখল করেছে তৃণমূল। সেখানে নির্দল পেয়েছিল একটি আসন। বাকি ছটি আসন দখল করে বিরোধীরা। পরে নির্দল প্রার্থী তৃণমূলকে সমর্থন করলে শাসকদলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১। তাই এদিন তৃণমূল বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করে। এই গ্রামপঞ্চায়েতে প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন শবনম বেগম ও উপ প্রধান নির্বাচিত হয়েছে সাবির মোল্লা।
বিরোধীদের অভিযোগ, নব নির্বাচিত প্রধানকে নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীকোন্দলের সূত্রপাত হয়েছিল। সেখানে শবনম বেগমকে ঘাসফুল শিবিরের একাংশ কিছুতে মেনে নিতে পারছিলেন না। সেই ঘটনা থেকে অশান্তির সূত্রপাত হয়েছে। যদিও এই অন্তর্দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি বলেন, শান্তপূর্ণভাবেই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। যদিও বাইরে বোমাবাজি হয়ে থাকে তার সঙ্গে বোর্ড গঠন প্রক্রিয়ার কোনও সম্পর্ক নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চায়েত অফিসের দূরে বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়ে কুলপি থানার পুলিশ সেখানে যায়। এই ঘটনায় স্কুলে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু কেউ আহত হয়নি। কারা বোমাবাজি করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
অন্যদিকে মঙ্গলবার রাতে ঢোলা থানা এলাকায় উদ্ধার ৪ ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সেখানে ৭০টির মতো বোমা ছিল। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে টোটোয় করে বোমা নিয়ে দুষ্কৃতীরা যাচ্ছিল। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পুলিশকে খবর দিলে তাঁরা রাস্তায় সেই বোমাগুলিকে উদ্ধার করে। বাকিরা পালিয়ে গেলেও কামারুজ্জামান মোল্লা নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের সন্দেহ বুধবার শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। সেখানে অশান্তি পাকাতে বোমাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন: তৃণমূল সদস্য নিখোঁজ, বোর্ড গঠন করতে না পেরে ধূপগুলিতে রাস্তা নামল বিজেপি