
শেষ আপডেট: 30 August 2023 09:42
দ্য ওয়াল ব্যুরো: 'পুলিশ' শব্দটা শুনলেই সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। দেশ কিংবা রাজ্য, পুলিশের ভূমিকায় কখনও মানুষ সন্তুষ্ট, কখনও আবার প্রবল ক্ষুব্ধ। সামগ্রিক চিত্রটা যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পেজ খুবই জনপ্রিয়। ফেসবুকে এই পেজে তাঁদের নিজেদের কর্মকাণ্ডের খবর যেমন দেওয়া হয়, তেমনই পোস্ট করা নয় নানা মজাদার মিম। তবে মিমের মধ্যেই মজার ছলে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। আজ রাখি পূর্ণিমা। ভাই-বোন হোক বা বন্ধুত্বের বন্ধন, একে অপরের হাতে রাখি বেঁধে দিয়েই তা উদযাপন করছেন মানুজন। আর এই বিশেষ দিনেও মিম বানিয়েই গাড়িতে সিটবেল্ট বাঁধার গুরুত্ব বোঝাল কলকাতা পুলিশ (Kolkata police Rakhi post)।
এদিন নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে কলকাতা পুলিশ। তাতে লাল ব্যাকগ্রাউন্ডের উপর কালো সিটবেল্টের ছবি দেওয়া। তার একদিকে লেখা শুভ, অন্যদিকে বন্ধন। মাঝে দুটি বেল্ট আটকানোর জায়গায় রয়েছে একটি রাখির ছবি। এই বিশেষ দিনে (Raksha Bandhan) নেটিজেনদের এভাবেই রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছে তারা।
কলকাতা পুলিশ ফেসবুকে বেশ সক্রিয়। দৈনন্দিন জীবনের নানা সমস্যায় প্রায়ই তাঁদের সেখানে ট্যাগ করে দেন নেটিজেনরা। তাতে নাকি অনেক সময়েই জলদি কাজও হয়। এর আগে গত ১৪ জুলাই চন্দ্রযান উৎক্ষেপণের দিনও একটি মজাদার পোস্ট করেছিল কলকাতা পুলিশ। সেই পোস্টে উপর-নীচে দু’টো ছবি কোলাজ করে পোস্ট করা হয়েছিল। উপরের ছবিতে ছিল চন্দ্রযান-৩ এর ছবি। আর নীচে ছিল এক ব্যক্তির বেপরোয়াভাবে রাস্তা পার হওয়ার ছবি। ক্যাপশনে লেখা, ‘চাঁদেই যদি যেতে হয়, চন্দ্রযানেই যান না হয়…!'
এর আগে কলকাতা পুলিশের ফেসবুক পেজে ধারাবাহিকভাবে তাদের বিভিন্ন সাফল্যের ঘটনার রুদ্ধশ্বাস কাহিনি পোস্ট করা হত। বিপুল সংখ্যক মানুষ গোগ্রাসে সেই রোমাঞ্চকর ঘটনা পড়তেন। পরে বই আকারেও প্রকাশিত হয় সেই কাহিনিগুলি, যার নাম দেওয়া হয় 'গোয়েন্দাপীঠ লালাবাজার।' পাঠকমহলে বেশ জনপ্রিয় এই সিরিজের বইগুলি।
ট্যাটুই ধরিয়ে দিল 'ওয়ান্টেড' খুনিকে, স্থায়ী কালিতে গায়ে আঁকা স্টাইল স্টেটমেন্টই কাল হল