
শেষ আপডেট: 9 February 2023 14:13
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: অবশেষে কাঁথি আদালতে এসে আত্মসমর্পণ করলেন নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা (Kanthi TMCP Leader) শুভদীপ গিরি। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতে এসে আত্মসমর্পণ (Surrender) করেন তিনি। এদিন তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে। কাঁথির এক কিশোরীর বাবা-মা পুলিশে অভিযোগ করেন, শুভদীপ তাঁদের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কে জড়ায়। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তুলে রাখে মোবাইলে। কিন্তু পরে তাঁদের মেয়েকে বিয়ে করতে রাজি হননি বলে অভিযোগ ওঠে ওই ছাত্রনেতার বিরুদ্ধে।
শুভদীপের কাছে নাবালিকা ঘনিষ্ঠ মুহূর্তের সব ছবি মুছে ফেলার অনুরোধ করে। অভিযোগ, সেইসব ছবি মোছার অজুহাতে দিঘার একটি হোটেলে ডেকে মেয়েকে ধর্ষণ করে শুভদীপ। এই ঘটনার পরে ১ নভেম্বর মেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলেও দাবি করেছেন নির্যাতিতার মা-বাবা। এরপর থানায় শুভদীপের নামে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।
কিন্তু পুলিশের তদন্তে কোনও অগ্রগতি না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু তার পরেও সে গ্রেফতার না হওয়ায় পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শুভদীপের আইনজীবী। কিন্তু ডিভিশন বেঞ্চও গ্রেফতারের নির্দেশ বহাল রাখে। সেই নির্দেশে আরও বলা হয়েছিল, আত্মসমর্পণ করলেও জামিন পাবেন না শুভদীপ। ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের এই রায়ের পরই আজ কাঁথি আদালতে এসে আত্মসমর্পণ করেন তিনি।
লটারিতে কোটি টাকা! লকডাউনে তছনছ ব্যবসাকে ফের দাঁড় করানোর স্বপ্ন ক্রান্তির যুবকের চোখে