
শেষ আপডেট: 8 April 2023 11:16
দ্য ওয়াল ব্যুরো: কাঁথির (Kanthi) বকশিশপুরে গত ৩ এপ্রিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবশ্রী রায়ের (Debashree Roy) উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ দেবশ্রী রায় যাননি। এবং সেই অভিযোগে মিউজিশিয়ানদের প্রায় ২৫ লক্ষ টাকার ইনস্ট্রুমেন্ট ৬ দিন ধরে আটকে রেখেছে উৎসব কমিটি। ইনস্ট্রুমেন্ট আটকে থাকায় কাঁথি ছাড়তে পারেননি মিউজিশিয়ানরাও। শনিবার এ নিয়েই আবার মেচেদা বাইপাসে অবরোধ বিক্ষোভ শুরু হয়েছে।
এ ধরনের মাচা অনুষ্ঠানের জন্য একজন মিডল ম্যান থাকে। যাঁকে অর্গানাইজার বলা হয়। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানের অর্গানাইজার ছিলেন কাঁথির বাসিন্দা সুমিত মাইতি। তিনি দাবি করেছেন, দেবশ্রী কাঁথি পর্যন্ত এসেছিলেন। কিন্তু উৎসব কমিটিকে ২ ঘণ্টা ধরে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তাঁদের পাল্টা অভিযোগ, অনুষ্ঠানের জন্য পারমিশন ছিল না। চুক্তি বাবদ যে টাকা অগ্রিম দেওয়ার কথা ছিল, তাও উৎসব কমিটি দেয়নি। যে কারণে কাঁথির পুলিশকে জানিয়ে দেবশ্রী রায় ফিরে যান।
বকশিশপুরে যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেদিন দিঘাতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গন্ডগোলের কথা অবশ্য তাঁর জানার নয়।
দেবশ্রী এদিন দ্য ওয়ালকে বলেন, “আমি তো গিয়েছিলাম। কিন্তু ওরা পুলিশের পারমিশনই নেয়নি। জুনপুট কোস্টাল থানাও অনুষ্ঠানের কথা জানত না”। দেবশ্রী বলেন, “যেভাবে মিউজিশিয়ানদের আটকে রেখেছে সেটা তো অপরাধ। ওঁদের পরিবারের লোকজন তো কিডন্যাপের অভিযোগ করতে পারে। আমার নিজেরই খারাপ লাগছে।”
মিউজিশিয়ানদের ইনস্ট্রুমেন্ট আটকে রাখার ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। দেবশ্রী এদিন বিষ্ময় প্রকাশ করে বলেন, “পুলিশ এখনও কিছু করছে না কেন আমারও অবাক লাগছে। আমি দেখছি কী করা যায়।”
বাদ্যযন্ত্র আটকে রাখার ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন সভাধিপতি মধুরিমা মন্ডলের স্বামী মানবেন্দ্র মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মানবেন্দ্র অবশ্য দাবি করেছেন, আটকে রাখার কথা ঠিক নয়। তিনি ক্লাবের একজন সদস্য মাত্র। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও ঠিক নয়।
দিল্লি ঘিরবেন অভিষেক, এক কোটি সই, ৫০ হাজার লোক, এক মাস পরেই অভিযান