দিদি ফিরতেই বুধবার এইচআরবিসি থেকে ইস্তফা শুভেন্দুর, বৃহস্পতিবার নতুন চেয়ারম্যান হলেন কল্যাণ
দ্য ওয়াল ব্যুরো: আগেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া থেকে শুধু ফেরার অপেক্ষা রয়েছে। তার পর সরকারে বড় কিছু ঘটনাক্রম শুরু হয়ে যেতে পারে।
বিষ্যুদবার সন্ধ্যায় যা হল, তা খুব বড় ঘটনা নয়। কিন্তু কম বড় ঘটনার ই
শেষ আপডেট: 26 November 2020 13:24
দ্য ওয়াল ব্যুরো: আগেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া থেকে শুধু ফেরার অপেক্ষা রয়েছে। তার পর সরকারে বড় কিছু ঘটনাক্রম শুরু হয়ে যেতে পারে।
বিষ্যুদবার সন্ধ্যায় যা হল, তা খুব বড় ঘটনা নয়। কিন্তু কম বড় ঘটনার ইঙ্গিতও নয়।
জানা গিয়েছে, বুধবার বাঁকুড়ার সভা শেষ করে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরতেই হুগলি রিভারব্রিজ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই পদে বসানো হল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
হ্যাঁ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কয়েকদিন আগে যিনি কারও নাম করে বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটির বাইরে আলু বেচতিস রে... আলু বেচতিস।’ অনেকেই ধরে নিয়েছিল কল্যাণ শুভেন্দুর কথাই বোঝাতে চাইছেন।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে শুভেন্দুবাবুকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। তাঁর প্রতিক্রিয়া পেলে প্রতিবেদনে আপডেট করা হবে।
একই প্রশ্ন করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। জবাবে তিনি বলেন, “আমাকে এইচআরবিসি-র চেয়ারম্যান করা হয়েছে। আমি যতদূর জানি শুভেন্দু অধিকারী নিজেই পদত্যাগ করেছেন। তবে সেটা আমি শুনেছি।”
সরকারের মধ্যে এই পরিবর্তন জানাজানি হতেই শাসক দল তথা রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে। অনেকে মনে করছেন, শুভেন্দু অধিকারী তাঁর প্রথম বড় পদক্ষেপ করেই ফেললেন। বর্তমানে তিনি পরিবহণ ও সেচ মন্ত্রী। সেই সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। এ ছাড়া এইচআরবিসি-র চেয়ারম্যান পদে ছিলেন তিনি। তাঁদের মতে, এখন শুধু সময়ের অপেক্ষা। এর পর ধাপে ধাপে বা এক ধাক্কায় হলদিয়া উন্নয়ন পর্ষদ ও মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিতে পারেননি তিনি।
শুভেন্দুর অনুগামীদের একাংশের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘পদ ছেড়ে কথা বলুক’। দাদা বুঝিয়ে দিলেন তাঁর পদের লোভ নেই। তিনি সংগঠন বা সরকার কোনও পদের জন্য লালায়িত নয়। কোভিডের আগে এবং কোভিডের সময়েও তিনি সরকার ও সংগঠন দুয়ের জন্য প্রাণপাত করে কাজ করেছেন। মর্যাদা ও সম্মানের সঙ্গেই তিনি রাজনীতিতে থাকবেন।
তবে রাজ্য রাজনীতিতে এখন মূল কৌতূহলের বিষয় হল শুভেন্দুর রাজনৈতিক পদক্ষেপ কী হবে? তিনি কি তৃণমূলেই থেকে যাবেন, নাকি নিজে পৃথক দল বা মঞ্চ গড়বেন, নাকি বিজেপি বা কংগ্রেসে যোগ দেবেন?
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শুভেন্দুর তৃণমূল ছাড়া এখন সময়ের অপেক্ষা। কারণ কী? তাঁদের মতে, কারণ পরিষ্কার। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে দিন ও সব কথা বলেছিলেন, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে নিয়ে বাঁকুড়ায় গিয়েছিলেন। তাতেই ইঙ্গিত পরিষ্কার ছিল। এ বার এইচআরবিসি-র চেয়ারম্যান পদে কল্যাণকে বসানোর পর পরিষ্কার হয়ে গেল, দল হুগলির ওই সাংসদের সঙ্গেই রয়েছে। এর পর তৃণমূলে থাকা শুভেন্দুর পক্ষে মর্যাদার হবে কি! বরং ধরে নেওয়া যেতে পারে এর পর তৃণমূলে থেকে যাওয়া শুভেন্দুর পক্ষেও আনটেনেবল হয়ে গেল।
